BigNews: ৯ মাস পর ফিরতে চলেছেন সুনীতা! মহাকাশের স্পেস স্টেশনে NASA-র মহাকাশযান

প্রযুক্তিগত ত্রুটির কারণে দীর্ঘ নয় মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরতে চলেছেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমার। তাঁদের ফিরিয়ে আনতে নাসার ক্রু-১০ মিশনের ড্রাগন মহাকাশযান ইতিমধ্যেই মহাকাশ স্টেশনে পৌঁছে গিয়েছে।
নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে গত ১৫ মার্চ এই মহাকাশযানটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। এই মিশনে চারজন মহাকাশচারী রয়েছেন—দুজন আমেরিকার, একজন জাপানের এবং একজন রাশিয়ার। শিগগিরই ক্রু-১০-এর মহাকাশচারীরা মহাকাশ স্টেশনের সঙ্গে ডকিং প্রক্রিয়া শুরু করবেন।
গত বছর ৫ জুন সুনীতা এবং বুচ আইএসএস-এ পৌঁছেছিলেন। মাত্র এক সপ্তাহ পর তাঁদের ফিরে আসার কথা থাকলেও, বোয়িং স্টারলাইনারে প্রযুক্তিগত সমস্যার কারণে তাঁরা সেখানেই থেকে যান। এরপর তাঁদের মিশনের মেয়াদ বাড়ানো হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই সুনীতা ও বুচকে দ্রুত ফিরিয়ে আনার জন্য উদ্যোগী হন। তিনি স্পেসএক্সের প্রধান ইলন মাস্ককে এই দায়িত্ব দেন। ইলন মাস্কের কোম্পানি তৎক্ষণে কাজ শুরু করে, যদিও প্রযুক্তিগত জটিলতার কারণে ক্রু-১০-এর উৎক্ষেপণ একবার পিছিয়ে যায়। অবশেষে সফল উৎক্ষেপণের মাধ্যমে এই মিশন শুরু হয়েছে।
দুই মহাকাশচারীর পৃথিবীতে ফেরার খবরে উৎসাহিত তাঁদের পরিবার ও অনুরাগীরা। নাসা জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে শিগগিরই সুনীতা ও বুচ ‘বাড়ি’ ফিরবেন।