‘হোলি খেলায় যারা দূষণ দেখতে পায় তাদের মুখে জুতো মারা উচিত’- বললেন দিলীপ ঘোষ

শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে দোল খেলায় বন দফতরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর মন্তব্য ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় হুগলির উত্তরপাড়ায় বসন্ত উৎসবে যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেন, “শান্তিনিকেতনে না কি ফরেস্ট ডিপার্টমেন্ট বলেছে কোনও হোলি খেলা যাবে না। এত লোক খেললে নাকি দূষণ হবে। জানি না কার মাথায় এটা এসেছে? আমাদের উৎসবে দূষণ হয়, ধুলো হয়, কিন্তু বাকি দুনিয়ায় কিছু হয় না। পুরো বীরভূম জেলার ইট, কাঠ, বালি, পাথর লুঠ হয়ে গেল, সেখানে দূষণ হয় না। কোন গাধার মাথায় এটা এসেছে যে হোলি খেললে দূষণ হবে। তাকে উলটো করে ঝুলিয়ে মুখে জুতো মারা উচিত।”
চলতি সপ্তাহে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে রং খেলায় নিষেধাজ্ঞা জারি করেছিল বন দফতর। তাদের আশঙ্কা, রং খেলায় প্রচুর মানুষের সমাগম হলে সংরক্ষিত বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে।
সরকারি এই নির্দেশিকার বিরোধিতা করে বিজেপি। বৃহস্পতিবার হঠাৎই নিষেধাজ্ঞা সংক্রান্ত ব্যানার খুলে ফেলা হয়। বনমন্ত্রী বিরবাহা হাঁসদা স্পষ্ট করেন, “রং খেলায় কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি।”
দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। তবে বন দফতরের নির্দেশিকা প্রত্যাহারের পর শান্তিনিকেতনের দোল উৎসব উৎসাহের সঙ্গে পালিত হওয়ার সম্ভাবনা বেড়েছে।