‘ভাং খেয়ে বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী, মহিলাদের অপমান…’- বিস্ফোরক অভিযোগ রাবড়ি দেবীর

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেত্রী রাবড়ি দেবী। তিনি দাবি করেছেন, নীতীশ কুমার ভাং খেয়ে বিধানসভায় আসেন এবং মহিলাদের অপমান করেন।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাবড়ি দেবী বলেন, “মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ভাং খেয়ে বিধানসভায় আসেন। বিধানসভায় হাজির হয়ে নীতীশ মহিলাদের অপমান করেন। আমি নিজেও তাঁর অপমানের শিকার হয়েছি।” তিনি আরও অভিযোগ করেন, নীতীশ কুমার বিজেপির নেতাদের ভাষায় কথা বলেন এবং মুখ্যমন্ত্রীর পদ থেকে তাঁর পদত্যাগ করা উচিত।

অন্যদিকে, বিরোধী দলনেতা তেজস্বী যাদব অভিযোগ করেন, বিধানসভায় নীতীশ কুমার তাঁর মা তথা রাবড়ি দেবীর উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন। তেজস্বী বলেন, “আমরা ঈশ্বরের কাছে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করি। তাঁর আচরণে বোঝা যাচ্ছে, তিনি স্বাভাবিক নন। বিধানসভায় তিনি রাবড়ি দেবীকে বিন্দি পরার জন্য ইঙ্গিত করেছেন। আমরা বিধানসভার ভিডিও চাই।”

তেজস্বী আরও বলেন, “নীতীশ কুমার দাবি করেন, তিনি লালুপ্রসাদ যাদবকে তৈরি করেছেন। কিন্তু বাস্তবে লালুপ্রসাদ যাদব ১৯৭৭ সালেই সাংসদ হয়েছিলেন। আরজেডির সমর্থন ছাড়া নীতীশ মুখ্যমন্ত্রী হতে পারতেন না। এখন তাঁর আশ্রমে যাওয়া উচিত, কারণ তিনি সরকার চালাতে পারছেন না। ১৪ কোটি মানুষের ভবিষ্যৎ নিয়ে তিনি কী করছেন?”

তিনি অভিযোগ করেন, “বিহারে অপহরণ ও ডাকাতির মতো ঘটনা বাড়ছে। নীতীশ কুমার অপরাধীদের সামনে আত্মসমর্পণ করেছেন এবং বিবেক হারিয়ে ফেলেছেন।”

এখন দেখার বিষয়, এই চাঞ্চল্যকর অভিযোগের পর বিহারের রাজনীতিতে কী পরিবর্তন আসে।