সুযোগ পাননি বড় বড় কোচ! ‘A’ দলের সঙ্গে ইংল্যান্ডে যাচ্ছেন গম্ভীর, লক্ষ্য শক্তিশালী রিজার্ভ বেঞ্চ তৈরি

চ্যাম্পিয়ন্স ট্রফির জয় অতীত। এখন গৌতম গম্ভীরের নজর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর সিরিজে ১-৩ ব্যবধানে হারের পর থেকে সমালোচনার মুখে পড়েছিল ভারতীয় টেস্ট দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও লাল বলের ক্রিকেটে ভালো ফল করতে পারেননি রোহিত শর্মারা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্য পাওয়ায় এবার নতুন পরিকল্পনা নিয়ে এগোতে চান ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর।

আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ভারতীয় দল তখনও দেশে থাকলেও গম্ভীর আগেভাগেই ইংল্যান্ডে চলে যাবেন ভারতীয় এ দলের সঙ্গে। সাধারণত জাতীয় দলের কোচেরা এভাবে ‘এ’ দলের সফরে যান না। কিন্তু গম্ভীর নিজেই সিদ্ধান্ত নিয়েছেন, সিনিয়র দলের পাশাপাশি এ দলের প্রতিভা ও রিজার্ভ বেঞ্চের শক্তি পরখ করে নিতে চান।

অস্ট্রেলিয়া সিরিজের পরই গম্ভীর বিসিসিআইয়ের কাছে অনুরোধ করেন ‘এ’ দলের সঙ্গে সফর করার অনুমতি দেওয়ার জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গম্ভীরের পছন্দের কিছু ওয়াইল্ড কার্ড এন্ট্রি (যেমন বরুণ চক্রবর্তী) বড় ভূমিকা রেখেছিল। তাই তিনি ভবিষ্যতের সম্ভাবনাময় ক্রিকেটারদের কাছ থেকে সরাসরি আপডেট নিতে চান।

গৌতম গম্ভীর, ভিভিএস লক্ষ্মণ ও নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে ‘এ’ দলের ম্যাচের সংখ্যা আরও বাড়ানো হবে।এতদিন ‘এ’ দলের ম্যাচগুলো মূলত সিনিয়র দলের প্রস্তুতির জন্য ব্যবহৃত হত।কিন্তু গম্ভীর চান, এ দল যেন স্বতন্ত্রভাবে বেশি ম্যাচ খেলতে পারে।

বোর্ড সূত্রে খবর, গম্ভীর মনে করেন দেশের রিজার্ভ বেঞ্চ আরও মজবুত করা দরকার, যাতে প্রয়োজনে ‘এ’ দল থেকেও সিনিয়র দলে ক্রিকেটার যোগ করা যায়।

গম্ভীর টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের জন্য আলাদা পরিকল্পনা তৈরি করছেন।সব ক্রিকেটার সব ফরম্যাটে খেলবেন না, বরং নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী দল গঠন করা হবে।উদাহরণস্বরূপ, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিজ্ঞদের পাশাপাশি নতুন মুখ দেখা যেতে পারে।

রোহিত শর্মা ও বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়েও ভাবছেন নির্বাচকরা।রোহিত বলেছেন, তিনি অবসরের কোনও পরিকল্পনা করছেন না। তবে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তিনি থাকবেন কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচক কমিটিকে।একইভাবে, বিরাট কোহলির ভবিষ্যত পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে।

এ সিরিজে ভালো পারফর্ম করলে সিনিয়র টেস্ট দলে সুযোগ পেতে পারেন করুণ নায়ার, সাই সুদর্শনের মতো ক্রিকেটাররা।নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজে অভিমন্যু ঈশ্বরণ ও সরফরাজ খান তেমন সুযোগ পাননি।কিন্তু এবার এ দলের ক্রিকেটারদের নিয়ে আলাদা পরিকল্পনা করেছেন গম্ভীর।

গম্ভীরের এই পদক্ষেপ ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য কতটা কার্যকরী হয়, তা সময়ই বলবে। তবে এক জিনিস স্পষ্ট—তিনি ভারতীয় ক্রিকেটের রিজার্ভ বেঞ্চ আরও মজবুত করতে চান।

Saheli Saha
  • Saheli Saha