ঘনিষ্ট দৃশ্য কেন করেন না করিনা? জিলিয়ানের প্রশ্নে সপাট জবাব সইফ ঘরণীর

বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান এবং জনপ্রিয় ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রী জিলিয়ান অ্যান্ডারসন সম্প্রতি “দ্য ডার্টি ম্যাগাজিন” আয়োজিত এক আলোচনায় অংশ নেন। এই শোতে দুই তারকা তাদের ক্যারিয়ার, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ এবং সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যের উপস্থাপনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
জিলিয়ান অ্যান্ডারসন, যিনি “সেক্স এডুকেশন” সিরিজের জন্য পরিচিত, করিনাকে প্রশ্ন করেন, কেন তিনি ক্যারিয়ারে কখনও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি।
জিলিয়ান বলেন, “আমি জানি, আপনি আগেও বলেছেন যে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে আপনি স্বচ্ছন্দ নন। তবে চরিত্রের জন্য অনেক সময় এমন কিছু করতে হয়, যা আমরা ব্যক্তিগতভাবে পছন্দ করি না। আপনার ক্ষেত্রে সেই সীমা কতদূর?”
জবাবে করিনা বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, যৌনতা গল্পকে এগিয়ে নেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু নয়। এটা এমন কিছু যা গল্পের মোড় ঘোরায় না বা চিত্রনাট্যে বড় কোনো পরিবর্তন আনে না। তাই আমি কখনও এই ধরনের দৃশ্য করতে স্বাচ্ছন্দ্য বোধ করিনি।”
করিনা আরও বলেন, “আপনারা (পশ্চিমা বিশ্ব) এই বিষয়গুলোকে অনেক বেশি খোলামেলা ভাবে দেখাতে পারেন। কিন্তু আমাদের দেশে, বিশেষ করে বলিউডে, আমরা এখনও সেভাবে গল্প বলতে পারি না।”
তার কথার সূত্র ধরে ২০০৩ সালের ‘চামেলি’ ছবিতে করিনার সাহসী চরিত্রের প্রসঙ্গও উঠে আসে। যদিও ছবিতে তাঁর চরিত্র এক যৌনকর্মীর, তবু করিনা বরাবরই ঘনিষ্ঠ দৃশ্য থেকে দূরত্ব বজায় রেখেছেন।
করিনাকে সর্বশেষ দেখা গেছে ‘সিংহাম এগেইন’ (২০২৪) ছবিতে।তিনি পরবর্তী সময়ে মেঘনা গুলজারের ছবিতে অভিনয় করবেন বলে আভাস দিয়েছেন।শোনা যাচ্ছে, তিনি একটি বড় দক্ষিণী ছবিতেও অভিনয় করতে পারেন।
অন্যদিকে, জিলিয়ান বর্তমানে ব্যস্ত ‘দ্য অ্যাব্যান্ডনস’ নামে একটি আমেরিকান ওয়েস্টার্ন অ্যাকশন ড্রামা সিরিজে। ১৮৫০-এর দশকের ওল্ড ওয়েস্টের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার গল্প নিয়ে আবর্তিত হবে এই সিরিজ।
এই আলোচনায় দুই তারকা তাদের অভিনয় জীবনের ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বলিউড ও হলিউডের মধ্যে সাংস্কৃতিক পার্থক্য, বিশেষ করে যৌনতা ও ঘনিষ্ঠ দৃশ্যের উপস্থাপনা নিয়ে স্পষ্ট মতামত দেন করিনা। তবে দর্শকদের জন্য দুই অভিনেত্রীই ভবিষ্যতে আকর্ষণীয় নতুন প্রজেক্ট নিয়ে হাজির হতে চলেছেন।