২০২৭-এ ওয়ানডে বিশ্বকাপে কি দেখা যাবে রোহিত শর্মাকে? অবসর নিয়ে যা বললেন হিটম্যান

টি-২০ বিশ্বকাপ জয়ের পরই সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। তবে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি ভারত অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর থেকেই জল্পনা চলছিল, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে কি দেখা যাবে হিটম্যানকে?

অবশেষে সেই প্রশ্নের উত্তর দিলেন রোহিত নিজেই। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ট্রফি হাতে ফটোসেশনের পর ব্রডকাস্টারদের দেওয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি।

রোহিত শর্মা স্পষ্ট করে দেন যে, তিনি এখনই ওয়ানডে ক্রিকেট ছাড়ছেন না, তবে ২০২৭ বিশ্বকাপে খেলার নিশ্চয়তাও দেননি। তিনি বলেন,“এত আগে থেকে কিছু ভাবা ঠিক হবে না। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমি কতটা ভালো খেলছি এবং আমার মানসিকতা কেমন আছে। তবে সব সম্ভাবনাই খোলা রয়েছে। এখনই বলা সম্ভব নয় যে, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলব বা খেলব না। এত দূরের বিষয় নিয়ে ভাবতে চাই না।”

অধিনায়ক হিসেবে নিজের ভূমিকা নিয়ে রোহিত বলেন,“আমি এখন যেভাবে খেলছি, তাতে খুশি। দলের সঙ্গ উপভোগ করছি। আমার সতীর্থরাও আমাকে সঙ্গ উপভোগ করছে বলে মনে হয়। সব যখন ঠিকঠাক চলছে, তখন খেলা চালিয়ে যাব না কেন? তবে দিনশেষে সবকিছু নির্ভর করছে আমার পারফরম্যান্সের উপর। দল যতদিন চাইবে এবং আমি যতদিন উপভোগ করব, ততদিন খেলব।”

রোহিতের বক্তব্য থেকে স্পষ্ট, তিনি আপাতত পরবর্তী সিরিজ ও আসন্ন প্রতিযোগিতার দিকেই মনোযোগ দিচ্ছেন। তবে ২০২৭ বিশ্বকাপে তাঁকে দেখা যাবে কি না, তা নিয়ে নিশ্চিত কোনও মন্তব্য করেননি তিনি। ফলে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা করতেই হবে সময়ের জন্য।