তৃণমূলের আগে NEC -র সঙ্গে সাক্ষাৎ করবে BJP, মিললো অনুমতিও

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল ও বিজেপির টানাপোড়েন এবার জাতীয় নির্বাচন কমিশন পর্যন্ত পৌঁছেছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পূর্ব নির্ধারিত বৈঠকের ঠিক এক ঘণ্টা আগেই সেখানে পৌঁছে যাচ্ছে বিজেপি। বিকেল ৪টায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবে। এরপর বিকেল ৫টায় কমিশনের কাছে নিজেদের দাবিদাওয়া জানাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধিদল।

বিজেপি সূত্রে জানা গেছে, দলটি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবে যে, পশ্চিমবঙ্গে প্রায় ১৭ লক্ষ ভুয়ো ভোটার রয়েছে, বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এই সমস্যা প্রকট। বিজেপির দাবি, বাংলাদেশি ও রোহিঙ্গাদের নাম বেআইনিভাবে ভোটার তালিকায় তোলা হচ্ছে, যা রাজ্যের জনবিন্যাস পরিবর্তন করছে। তাই দ্রুত এই ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়ার দাবি জানানো হবে।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, নির্বাচন কমিশন ইতিমধ্যে স্বীকার করেছে যে একই এপিক নম্বরে (EPIC Number) একাধিক ভোটার কার্ড রয়েছে। তবে কোন রাজ্যে কত সংখ্যক ভোটার এই সমস্যার সম্মুখীন হয়েছেন, সেই তথ্য প্রকাশ করতে হবে। তৃণমূলের যুক্তি, যদি কমিশন আগামী তিন মাসের মধ্যে এই সমস্যার সমাধান করতে চায়, তবে সঠিক পরিসংখ্যান প্রকাশ করা জরুরি, নচেৎ সেই প্রতিশ্রুতি আদৌ পূরণ হচ্ছে কিনা তা যাচাই করা সম্ভব নয়।

তৃণমূল-বিজেপির দাবিদাওয়া নিয়ে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার। তবে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। আগামী নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের বিষয়টি নিয়ে দুই দলের মধ্যে দ্বন্দ্ব আরও গভীর হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, সেটাই এখন রাজ্য-রাজনীতির অন্যতম নজরকাড়া বিষয় হয়ে উঠেছে।