“১ মিনিটে ১০টি করে ধর্ষণ হচ্ছে, আর ১০ মিনিটে…?”- বাংলাদেশ নিয়ে বিস্ফোরক তসলিমা

২০২৪ সালের জুলাই মাস থেকে অশান্ত বাংলাদেশ। একের পর এক হিংসার ঘটনা সামনে আসছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। নারী নির্যাতন, ধর্ষণ, হত্যাকাণ্ড— প্রতিদিন বাড়ছে এসব অপরাধ। বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনও এই পরিস্থিতি নিয়ে সোচ্চার হয়েছেন।

ফেসবুক পোস্টে ক্ষোভ উগড়ে দিলেন তসলিমা
সোমবার ফেসবুকে তসলিমা লেখেন—”বাংলাদেশে, আমার মনে হচ্ছে, ১ মিনিটে ১০টি করে ধর্ষণ হচ্ছে, আর ১০ মিনিটে ১টি করে খুন হচ্ছে। আপনার কী মনে হচ্ছে?”

এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই এতে একমত প্রকাশ করেছেন।

ঢাকার বাসিন্দা এক মহিলা মন্তব্য করেন—”আমারও তাই মনে হচ্ছে, সংখ্যাটা বাড়বে বৈ কমবে না!”

বাংলাদেশের জয়তূর্য চৌধুরী নামে এক ব্যক্তি লেখেন—”আরও বেশি হবে। বেশিরভাগ খবর তো মিডিয়ায় আসে না, সামাজিক মাধ্যমেও না। অনেকে ভয় পাচ্ছে পোস্ট করতে।”

তিনি আরও দাবি করেন,”আজকেই দেখলাম, ধর্ষিত ৮ বছর বয়সী শিশুর ছবি সামাজিক মাধ্যম থেকে সরাতে আদালতে রিট করেছে ইউনুস বাহিনী।”

তসলিমা সকাল থেকে একের পর এক পোস্ট শেয়ার করে চলেছেন ফেসবুকে। সেখানে নারী নির্যাতনের ভয়ংকর চিত্র তুলে ধরছেন তিনি। যদিও এই তথ্যগুলোর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

তবে বাংলাদেশে চলমান এই হিংসা ও নারী নির্যাতনের ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠছে।