দ্বিতীয় বাজেট অধিবেশনে চার ইস্যু, সরকারকে কোণঠাসা করতে পারবে কি বিরোধীরা?

আজ, সোমবার থেকে শুরু সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়। বাজেটের প্রথম অধিবেশন উত্তাল হয়েছিল আম্বেদকর বিতর্ক ও বাংলাদেশ ইস্যু নিয়ে। এবার অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে ভোটার কার্ডের ডুপ্লিকেট এপিক নম্বরসহ চারটি গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রকে চাপে ফেলতে সক্রিয় বিরোধীরা।

বিরোধীদের চারটি গুরুত্বপূর্ণ ইস্যু

১. ভোটার কার্ড ইস্যু

ডুপ্লিকেট এপিক নম্বর ইস্যুতে ইতিমধ্যেই সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এই ইস্যু নির্বাচন কমিশন পর্যন্ত পৌঁছেছে, এবার সংসদেও শক্তিশালী আক্রমণের প্রস্তুতি নিচ্ছে দলটি। সংসদের দুই কক্ষে মুলতুবি প্রস্তাবও দিয়েছে তৃণমূল।

২. আসন পুনর্বিন্যাসের বিরোধিতা

দক্ষিণ ভারত বিশেষ করে তামিলনাড়ুতে আসন পুনর্বিন্যাসের (ডিলিমিটেশন) বিরুদ্ধে প্রবল বিরোধিতা চলছে। আসন্ন আদমসুমারির ভিত্তিতে প্রস্তাবিত এই পরিবর্তনের বিরোধিতায় সরব হয়েছে ডিএমকে। সংসদে কংগ্রেস এবং দক্ষিণ ভারতের অন্যান্য দলগুলিও এই ইস্যুতে সোচ্চার হতে পারে। ডিএমকে নেতা তিরুচি শিবার ইতিমধ্যেই মুলতুবি প্রস্তাব জমা দিয়েছেন।

৩. পাঠ্যক্রমে হিন্দি ভাষার অন্তর্ভুক্তি

সরকার প্রস্তাবিত নতুন শিক্ষানীতির আওতায় তৃতীয় ভাষা হিসেবে হিন্দি চালুর বিরোধিতায় কঠোর অবস্থান নিয়েছে ডিএমকে-সহ বিরোধী শিবির।

৪. আমেরিকার শুল্ক নীতি ও ওয়াকফ বিল

কংগ্রেস প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রীর কাছ থেকে আমেরিকার শুল্ক সংক্রান্ত নীতির বিষয়ে বিবৃতি দাবি করতে পারে। পাশাপাশি, ওয়াকফ বিল পাস করানোর সরকারি পরিকল্পনার বিরুদ্ধে একজোট হতে পারে বিরোধীরা।

অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু

শেয়ার বাজারের পতন: খুচরো ব্যবসায়ীদের ক্ষতি নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব জমা দিয়েছেন আম আদমি পার্টির সঞ্জয় সিং।

কাশ্মীর ও মণিপুরের পরিস্থিতি: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি জানিয়ে মুলতুবি প্রস্তাব দিয়েছেন কংগ্রেসের মানিকরাম ঠাকুর।

মণিপুরের বাজেট: আজ সংসদে মণিপুরের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রাষ্ট্রপতি শাসন চলার কারণে এই বাজেট কেন্দ্রীয় সরকারের দ্বারাই পেশ করা হবে।

ইন্ডিয়া জোট নিয়ে সংশয়

বিরোধী দলগুলোর মধ্যে বিভিন্ন ইস্যুতে ঐক্যমত্য থাকলেও, তাদের ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়েও ইন্ডিয়া জোটের বৈঠক হবে কিনা তা স্পষ্ট নয়।

আজ বিকেলে সংসদে দলীয় রণকৌশল ঠিক করতে কংগ্রেসের বৈঠক ডাকা হয়েছে, যেখানে সনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত থাকবেন। গত অধিবেশনে দিল্লি নির্বাচনের সমীকরণ মাথায় রেখে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকেনি কংগ্রেস। আজকের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায় যে উত্তপ্ত হতে চলেছে, তা নিশ্চিত। এখন দেখার, বিরোধীরা কতটা কার্যকরভাবে সরকারকে চাপে ফেলতে পারে।