তৃতীয় সন্তান হলেই মায়েরা পাবেন ৫০হাজার টাকা, ছেলে হলে মিলবে দামি উপহার! ঘোষণা সাংসদের

নারী দিবসে অভিনব প্রতিশ্রুতি দিলেন লোকসভার সাংসদ। ঘোষণা করলেন, তৃতীয় সন্তানের জন্ম হলে মায়ের হাতে তুলে দেওয়া হবে ৫০ হাজার টাকার ফিক্সড ডিপোজিট। আর সেই সন্তান যদি পুত্র হয়, তবে নগদ পুরস্কারের সঙ্গে উপহার হিসেবে মিলবে একটি গরুও।

সম্প্রতি অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বড় পরিবারের পক্ষে সওয়াল করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, বিশ্বের বিভিন্ন দেশে নবজাতকের জন্মে সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য বা উপহার দেওয়া হয়। তেমন ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়েই তিনি আলোচনা করেছিলেন। তাঁর এই মতকে বাস্তবে রূপ দিতে তেলুগু দেশম পার্টির (টিডিপি) সাংসদ আপ্পালা নাইডু এই অভিনব ঘোষণা করেছেন।

বিজয়নগরমের সাংসদ আপ্পালা নাইডু জানিয়েছেন, যে দম্পতি তৃতীয় সন্তানের জন্ম দেবেন, তাদের ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। যদি সেই সন্তান ছেলে হয়, তবে অতিরিক্ত উপহার হিসেবে মিলবে একটি গরুও। সাংসদ পরিষ্কার জানিয়েছেন, এই অর্থ সরকারি তহবিল থেকে নয়, বরং তাঁর নিজের বেতন থেকেই দেওয়া হবে। তাঁর এই ঘোষণার পর তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। টিডিপি সমর্থকরাও ব্যাপকভাবে তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। এমনকি, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও সাংসদের এই উদ্যোগের প্রশংসা করেছেন।

সম্প্রতি দিল্লিতে এসে দক্ষিণ ভারতের জনসংখ্যা হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি বলেন, “একসময় আমি পরিবার পরিকল্পনার পক্ষে ছিলাম, কিন্তু এখন আমার দৃষ্টিভঙ্গি বদলেছে। আমি জনসংখ্যা বৃদ্ধির পক্ষে সওয়াল করছি। ভারতের সবচেয়ে বড় সম্পদ তার জনসংখ্যা। যদি আমরা এটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারি, তবে তা ভারতীয়দের জন্য লাভজনক হবে।”

জনসংখ্যা বৃদ্ধির পক্ষে কথা বলার পর রাজ্যে ফিরে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, কর্মরত মহিলারা তাঁদের যত সংখ্যক সন্তানই হোক না কেন, মাতৃত্বকালীন ছুটির সুবিধা পাবেন। এই সিদ্ধান্তের ফলে মহিলাদের কর্মসংস্থানে আরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

সাংসদের এই অভিনব প্রতিশ্রুতি ও মুখ্যমন্ত্রীর জনসংখ্যা বৃদ্ধির আহ্বানকে ঘিরে ইতিমধ্যেই নানা বিতর্ক দানা বেঁধেছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, অনেকে আবার এ নিয়ে প্রশ্ন তুলেছেন। এখন দেখার, বাস্তবে এই প্রতিশ্রুতি কতটা কার্যকর হয়।