কুপ্রস্তাব পেলে তার দোষ নারীদের? সত্যি কি নিরাপদ নন নারীরা? মুখ খুললেন মমতা শঙ্কর

নারী দিবস আসন্ন। তবুও সমাজে নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি, বধূ নির্যাতনের মতো ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। কর্মস্থল থেকে ব্যক্তিগত জীবন— কোথাও যেন মহিলারা নিরাপদ নন। এই বাস্তব চিত্র নিয়েই এবার মুখ খুললেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর।
সম্প্রতি ABP আনন্দ-কে দেওয়া এক সাক্ষাৎকারে মমতা শঙ্কর স্পষ্ট জানিয়ে দেন, নারীদের নিজের আত্মসম্মান ও আত্মমর্যাদা বজায় রাখার লড়াই চালিয়ে যেতেই হবে।
মহিলারা বিভিন্ন সময় অশালীন ইঙ্গিত বা কুপ্রস্তাবের শিকার হন। এ প্রসঙ্গে তিনি বলেন,”অনেকে আমায় অনেক মানুষের সঙ্গে কথা বলতে দেখার পর সাবধান করেছেন। বলেছেন, ‘উনি খারাপ লোক, সাবধানে থেকো।’ অথচ আমার কাছে তিনি একেবারেই সজ্জন মানুষ বলে মনে হয়েছে।”
তিনি আরও বলেন,”রাত জেগে শুটিং করেছি, বিভিন্ন মানুষের সঙ্গে আড্ডা দিয়েছি, গান গেয়েছি। কিন্তু কখনও কেউ আমাকে খারাপ প্রস্তাব দেওয়ার কথা ভাবতে পারেননি।”
নারীদের আত্মবিশ্বাসী হয়ে ওঠার বার্তা দিয়ে তিনি বলেন,”নিজের চারপাশে ব্যক্তিত্বের বেড়াজাল গড়ে তুলতে হবে। নিজে যদি শক্ত থাকো, তাহলে কখনও কোনও সমস্যায় পড়তে হবে না। নতুন প্রজন্মকে বলব, বুদ্ধির জোরে সব পরিস্থিতি সামলাতে শিখতে হবে।”
বর্তমানে মহিলাদের প্রতি অপরাধমূলক ঘটনা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে মমতা শঙ্কর বলেন,”লোভ, চাহিদা বাড়ছে মানুষের। যদি তারা নিজেদের চাহিদাকে সংযত রাখতে পারেন, তাহলে অনেক কিছুর হাত থেকে নিজেদের বাঁচিয়ে রাখা সম্ভব হবে।”নারী দিবসের প্রাক্কালে তাঁর এই বক্তব্য নিঃসন্দেহে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার।