তাহাউর রানার আবেদন খারিজ, শাস্তি পেতে ভারতে আসতেই হবে মূলচক্রীকে

মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানার শেষ প্রচেষ্টাও ব্যর্থ হল। মার্কিন সুপ্রিম কোর্ট তার প্রত্যর্পণ বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে। এর ফলে, পাক বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউরকে ভারতের হাতে তুলে দিতে আর কোনো বাধা থাকল না।

তাহাউর রানা আমেরিকার শীর্ষ আদালতের বিচারপতি এলিনা কাগানের কাছে আবেদন জানিয়েছিলেন, যাতে তাকে ভারতে ফেরত না পাঠানো হয়। কিন্তু বিচারপতি তার আবেদন গ্রহণ করতে রাজি হননি। যদিও তাহাউরের আইনি পরামর্শদাতা এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে জরুরি ভিত্তিতে নতুন আবেদন করেছেন।

২০০৮ সালের মুম্বই হামলায় লস্কর-ই-তৈবার জঙ্গি ডেভিড হেডলির সঙ্গে তাহাউর রানার সরাসরি যোগসূত্র ছিল বলে জানা যায়। ওই ভয়াবহ জঙ্গি হামলায় ১৭৫ জন প্রাণ হারান। বর্তমানে তাহাউর লস অ্যাঞ্জেলসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছে।

তাহাউর মার্কিন আদালতে দাবি করেছিল, ভারতে প্রত্যর্পণ হলে তাকে নির্যাতনের শিকার হতে হবে, কারণ সে পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম। কিন্তু আদালত তার যুক্তি গ্রহণ করেনি।

এখন দেখার, ভারতের হাতে তাকে কবে হস্তান্তর করা হয় এবং ভারতীয় আইন অনুযায়ী তার বিচার কীভাবে সম্পন্ন হয়।