খেলার মাঝে এনার্জি ড্রিঙ্ক পান, রোজা না রাখায় মহম্মদ শামিকে ‘ক্রিমিনাল’ বললেন মৌলবীরা!

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পৌঁছেছে ভারত। বিরাট কোহলি ও রোহিত শর্মার নেতৃত্বে এই বিশাল জয়ের আনন্দে মেতে উঠেছে গোটা দেশ। কিন্তু এই সাফল্যের মাঝেই বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি।

সেমিফাইনাল ম্যাচ চলাকালীন শামিকে এনার্জি ড্রিঙ্ক পান করতে দেখা যায়, যা রমজান মাসে রোজা ভঙ্গের ইঙ্গিত দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়ে পড়ে। উত্তরপ্রদেশের বরেলির এক মৌলবী শামিকে ‘ক্রিমিনাল’ বলে অভিহিত করেন। অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট মৌলানা শাহাবুদ্দিন রাজভি বলেন, “ইসলামিক আইনে শামি যা করেছেন, তা অপরাধ। সুস্থ পুরুষ বা নারীর জন্য রোজা বাধ্যতামূলক। যারা রোজা রাখেন না, তারা বড় অপরাধী।”

এই বিতর্কের জবাবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মৌলানা খালিদ রশিদ ফিরঙ্গি মাহালি পাল্টা যুক্তি দিয়ে বলেন, “ইসলামে ভ্রমণকারী ও কায়িক শ্রমে যুক্ত ব্যক্তিদের জন্য রোজার ছাড় রয়েছে। কোরানের উল্লেখ অনুযায়ী, যদি কেউ ভ্রমণরত হন বা শারীরিক পরিশ্রমের কাজে যুক্ত থাকেন, তবে তাদের রোজা না রাখার অনুমতি আছে।”

শামির পরিবারের পক্ষ থেকেও তার সমর্থনে সরব হয়েছেন আত্মীয়রা। তাঁর কাকা মুমতাজ বলেন, “শামি দেশের হয়ে খেলছে। পাকিস্তানের অনেক খেলোয়াড়ও ম্যাচের দিন রোজা রাখেন না। এটা নতুন কিছু নয়। তবুও তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক।”

সমর্থকদের একাংশও মনে করছেন, শামির ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি করা অপ্রয়োজনীয়। দেশের হয়ে খেলতে গিয়ে শারীরিক সামর্থ্য বজায় রাখা জরুরি, এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি যা করেছেন, তা তার পেশাদারিত্বেরই অংশ।