৩৪ বছরে ৩৪ সন্তানের মা হন প্রীতি জিন্টা, কোন কষ্টে এতো বড় সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী?

বলিউডের ‘ডিম্পল গার্ল’ প্রীতি জিন্টা, যিনি তার অভিনয় দিয়ে কোটি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, ৫০ বছর বয়সে পা রেখেছেন। তবে, বর্তমানে তিনি শো-বিজ থেকে অনেকটা দূরে রয়েছেন। আজকাল তার পরিচিতি আইপিএল টিম কিং ইলেভেন পঞ্জাবের মালকিন হিসেবে। কিন্তু তার জীবনের গল্প শুধু অভিনয় বা ক্রিকেটে সীমাবদ্ধ নয়। প্রীতি জিন্টার মানবিকতা, ভালোবাসা ও মাতৃত্বের কাহিনিই তাকে আরও বেশি প্রশংসিত করেছে।

২০১৬ সালে তিনি বিয়ে করেন গিন গুডএনাফকে এবং বর্তমানে দুই সন্তানের মা। তবে, তার জীবনের সবচেয়ে আবেগপূর্ণ অধ্যায় শুরু হয় বিয়ের আগেই। এই অভিনেত্রী ৩৪ জন অনাথ কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন, এবং সেই গল্প শুনলে যে কোনো মায়ের চোখে জল আসবে।

প্রীতির শৈশব ছিল অত্যন্ত দুঃখের। মাত্র ১৩ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় তিনি হারান তাঁর বাবা দুর্গানন্দ জিন্টাকে। এর দু’বছর পর, মাত্র ১৫ বছর বয়সে মা-ও চলে যান। সেই কঠিন সময়েও প্রীতি ভেঙে পড়েননি, যদিও বাবা-মা না থাকার কষ্ট তাকে প্রতিটি মুহূর্তে দগ্ধ করত।

২০০৯ সালে, তার ৩৪তম জন্মদিনে তিনি নিজেকে একটি অমূল্য উপহার দেন। ঋষিকেষের মাদার মিরাকল থেকে ৩৪ জন অনাথ শিশুকে দত্তক নিয়ে, তাদের দায়িত্ব গ্রহণ করেন তিনি। শুধু দত্তক নিয়েই থেমে থাকেননি প্রীতি, তাদের পড়াশোনা, জামা কাপড়, এবং জীবনযাত্রার দায়িত্ব নিয়ে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। বছরের দুটি সময়ে, তিনি এই শিশুদের সঙ্গে দেখা করতে যান, তাদের সঙ্গে সময় কাটান।

“কেউ বলেনি যে শুধু জন্ম দিলেই মা হওয়া যায়,”—এ কথাটি প্রীতি আজীবন মেনে চলেছেন। এত বছর পরেও তিনি তার ৩৪ কন্যার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন, এবং বর্তমানে তিনি ৩৬ জন সন্তানের মা। মায়ের দায়িত্ব পালনে কোনো ফাঁক রাখেননি প্রীতি, তার ভালোবাসা আর ত্যাগ আজ তাকে এক অনন্য স্তরে পৌঁছে দিয়েছে।

এটি প্রমাণ করে যে, আসল মা হতে হলে শুধু বাচ্চা জন্ম দেওয়া নয়, তাদের জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গী হওয়া এবং তাদের প্রতি দায়িত্বশীলতা পালন করা জরুরি। প্রীতি জিন্টা সেই দৃষ্টান্ত সৃষ্টি করেছেন, যার মাধ্যমে সবার কাছে প্রেম, সহানুভূতি এবং মায়ের সঠিক অর্থ পরিষ্কার হয়ে ওঠে।