বিভাগীয় গ্রুপ C নিয়োগে অনিয়ম, রেল বোর্ডের নির্দেশে বাতিল হল সমস্ত নিয়োগ

দেশের রেল নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনল রেল বোর্ড। সম্প্রতি বিভাগীয় গ্রুপ C নিয়োগে অনিয়মের অভিযোগ উঠায়, সমস্ত বাকি থাকা বিভাগীয় নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ মার্চ ২০২৫-এর মধ্যে চূড়ান্ত হয়নি এমন সমস্ত নিয়োগ এখন থেকে বাতিল বলে গণ্য করা হবে।

বুধবার দেশের সমস্ত রেল জোনের জেনারেল ম্যানেজারদের উদ্দেশে রেল বোর্ড একটি বিজ্ঞপ্তি জারি করে। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে—

সাম্প্রতিক সময়ে রেল নিয়োগে একাধিক অনিয়ম ধরা পড়েছে। এই কারণে বিভাগের অভ্যন্তরীণ নিয়োগ পদ্ধতিকে পুনর্বিবেচনা করা হচ্ছে। নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও নতুন বিভাগীয় নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে না

রেল বোর্ডের এই সিদ্ধান্ত দেশের লক্ষাধিক রেল কর্মীর ভবিষ্যতের ওপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

এই সিদ্ধান্তের অন্যতম কারণ বিভাগীয় নিয়োগে দুর্নীতির একাধিক অভিযোগ। এর আগে উত্তরপ্রদেশের মুঘল সরাইয়ে রেলের বিভাগীয় পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ইস্ট সেন্ট্রাল রেলের ২৬ জন আধিকারিককে গ্রেফতার করেছিল সিবিআই। তদন্তে উঠে আসে—

🔹 পরীক্ষার প্রশ্ন ফাঁস করে কোটি টাকার লেনদেন হয়েছে
🔹 ১ কোটি ১৭ লক্ষ নগদ টাকা উদ্ধার করেছে সিবিআই
এই ঘটনার পরই রেল বোর্ড কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

রেল বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে সমস্ত বিভাগীয় পদোন্নতির পরীক্ষা আয়োজনের দায়িত্ব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) ওপর ন্যস্ত করা হয়েছে।

রেল বোর্ডের এই আকস্মিক সিদ্ধান্তে নিয়োগপ্রত্যাশী কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, বিভাগীয় পদোন্নতির পথ আরও কঠিন হয়ে গেল। তবে অনিয়ম বন্ধ করতে রেল বোর্ডের এই সিদ্ধান্তকে অনেকে স্বাগতও জানিয়েছেন।

তবে প্রশ্ন উঠছে, নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকলে ভবিষ্যতে কীভাবে পদোন্নতি হবে? নতুন পদ্ধতি কবে চালু হবে? এসব বিষয় এখনও স্পষ্ট করেনি রেল মন্ত্রক।

এখন দেখার, কেন্দ্র সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নেয় এবং নতুন নিয়োগ পদ্ধতি কবে চালু হয়।