ভয়ঙ্কর ঘটনা! মুণ্ড কাটা, পিস পিস করা মহিলার দেহ ট্রলিব্যাগে ভরে ফেলতে গিয়েই আটক দুই মহিলা

কলকাতার হৃদয়ে রক্ত জমানো এক ঘটনা। মঙ্গলবার ভোরে আহিরীটোলা ঘাটে দুই মহিলা একটি ট্রলিব্যাগ নিয়ে এসেছিলেন, যার মধ্যে লুকানো ছিল একটি মানবদেহের খণ্ডিত অংশ। অভিযোগ, একজন মহিলাকে টুকরো টুকরো করে কেটে সেই দেহাংশ ট্রলিব্যাগে ভরা হয়েছিল। স্থানীয়রা এই ভয়াবহ দৃশ্য দেখে ফেলায় দুই মহিলাকে আটক করা হয়েছে।

সকাল সাড়ে সাতটা নাগাদ ঘাটে কর্মরত এক মহিলা প্রথম এই ঘটনার সাক্ষী হন। তিনি দেখেন, একটি ট্যাক্সি থেকে দুই মহিলা একটি ভারী ট্রলিব্যাগ নিয়ে নামছেন। ট্যাক্সি চালকের সঙ্গে তাঁদের ভাড়া নিয়ে তর্ক হচ্ছিল। ট্যাক্সি চলে যাওয়ার পর তিনি লক্ষ্য করেন, ব্যাগটি এতটাই ভারী যে দুজনে মিলেও সেটি টানতে হিমশিম খাচ্ছিলেন। এতে তাঁর সন্দেহ জাগে।

ঘাটে সকালে যোগব্যায়াম করতে আসা কয়েকজনের কাছে তিনি বিষয়টি জানান। তাঁদের পরামর্শে তিনি কাছের পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ শুরু করলে দুই মহিলা প্রথমে বলেন, ব্যাগে একটি ল্যাব্রাডর কুকুরের মৃতদেহ রয়েছে। কিন্তু স্থানীয়রা এই কথা বিশ্বাস করেননি।

প্রত্যক্ষদর্শীদের মতে, ওই দুই মহিলা নিজেদের মা ও মেয়ে বলে পরিচয় দিয়েছেন। চাপে পড়ে তাঁরা দাবি করেন, মেয়ের ননদ শ্বশুরবাড়ির নির্যাতনে আত্মহত্যা করেছে। কিন্তু তাঁদের কথাবার্তা অসংগত মনে হয়। শেষে ব্যাগ খোলা হতেই সবাই হতভম্ব—ভিতরে ছিল একজন মহিলার চার টুকরো করা দেহ। অভিযোগ উঠেছে, খুনের পর দেহ গুম করার চেষ্টা চলছিল।