‘মনে মনে জানতাম ভারত জিতবে’, নেটিজেনদের ট্রোলের মুখে পড়ে পাল্টাবাজি IIT বাবা

রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচে (IND vs PAK Match) ভারতের দাপুটে জয়ের পর ভুল ভবিষ্যদ্বাণীর জন্য ক্ষমা চাইলেন মহাকুম্ভে ভাইরাল হওয়া IIT বাবা। ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন, ভারত পাকিস্তানের কাছে হেরে যাবে। কিন্তু ফলাফল হল উল্টো—রোহিত শর্মার নেতৃত্বে ভারত পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল। এরপরই নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলেন IIT বাবা (IIT Baba Apologised), তবে পরিস্থিতি সামলাতে বললেন, “মনে মনে জানতাম, ভারতই জিতবে।”
ম্যাচের তিন দিন আগে মহাকুম্ভে IIT বাবা ওরফে অভয় সিংহের একটি ভবিষ্যদ্বাণী ভাইরাল হয়েছিল। তিনি সংবাদমাধ্যমে বলেছিলেন, “ভারত রবিবার পাকিস্তানের কাছে হেরে যাবে। অনেক চেষ্টা করেও জিততে পারবে না। নিশ্চিত ওরা হেরে যাবে। আমি বলে দিলাম ভারত হারবে। ওরা আমায় ভুল প্রমাণ করুক, পারলে জিতে দেখাক!” তিনি এমনকী দাবি করেছিলেন, তিনি ফলাফল উল্টে দিয়েছেন। কিন্তু ভারতীয় দল তাঁর কথা ভুল প্রমাণ করে দিল (India Wins Champions Trophy)।
ভারতের জয়ের পরই IIT বাবাকে (IIT Baba Trolled) নিয়ে নেটদুনিয়ায় শুরু হয় ট্রোলের ঝড়। খেলা শেষ হওয়ার আগেই একের পর এক মিম ছড়িয়ে পড়ে। অনেকে তাঁকে ‘অপয়া’ বলে কটাক্ষ করেন। একজন লিখেছেন, “IIT বাবা কোথায় গেলেন? ভারত জিতে দেখাল!” আরেকজন মজা করে লেখেন, “বাবার কথায় ভরসা করলে আজ আমরা হারতাম!” এই ঘটনায় তাঁর খোঁজে রীতিমতো নেটিজেনরা মেতে ওঠে।
দেশের ক্রিকেটপ্রেমীদের ক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হন IIT বাবা। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লেখেন, “আমি জনসমক্ষে আমার কথার জন্য ক্ষমা চাইছি। আপনাদের প্রত্যেককে ভারতের জয় উদযাপন করার অনুরোধ করছি। এখন পার্টি করার সময়। আমি মনে মনে জানতাম যে, ভারত জিতবে।” এই পোস্টের পরও অনেকে তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি। একজন লিখেছেন, “মনে মনে জানতেন, তাহলে বললেন কেন উল্টো কথা?”
IIT বাবা, যিনি IIT বম্বের প্রাক্তন ছাত্র এবং একসময় কানাডায় উচ্চ বেতনের চাকরি করতেন, মহাকুম্ভে এসে সাধু জীবন বেছে নিয়ে ভাইরাল হয়েছিলেন। কিন্তু এই ভুল ভবিষ্যদ্বাণীর পর তাঁর প্রতি ভক্তদের ভরসা অনেকটাই কমে গেছে বলে মনে করা হচ্ছে।