‘এতদিন মহাকুম্ভে গরিবরা আসত, এবার তো…’ মহাকুম্ভে পৌঁছে কাকে খোঁচা দিলেন অক্ষয়?

এবারের মহাকুম্ভ যেন তারকাদের সমাগমে রূপ নিয়েছে। সাধারণ ভক্তদের পাশাপাশি দেশ-বিদেশের সেলিব্রিটিরাও পুণ্যস্নানে মেতেছেন। কেউ জীবনের নতুন শুরুর আশায়, কেউ আধ্যাত্মিক শান্তির খোঁজে এসেছেন। এই তালিকায় এবার যোগ দিলেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। সম্প্রতি মহাকুম্ভে পৌঁছে তিনি সঙ্গমে পুণ্যস্নান সেরেছেন। সাদা পোশাকে জলে দাঁড়িয়ে সূর্যপ্রণামও করেছেন তিনি।

গত কয়েক বছরে বলিউডের বক্স অফিসে অক্ষয়ের জাদু ফিকে পড়েছে। একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ায় ভাগ্য ফেরানোর আশায় তিনি পৌঁছেছেন মহাকুম্ভে। সম্প্রতি শিবভক্তি নিয়ে তাঁর গাওয়া একটি গানও শোনা গেছে। এবার সঙ্গমে স্নান করে তিনি বললেন, “খুব আনন্দ পেয়েছি। ব্যবস্থাপনা দারুণ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য।”

স্নান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অক্ষয় বলেন, “২০১৯-এর মহাকুম্ভে সাধারণ মানুষ শুধু একটা পুঁটলি নিয়ে আসতেন। আর এবার আম্বানি, আদানি, বড় বড় তারকারাও এসেছেন। এই হল মহাকুম্ভ। যোগীজি দেখিয়ে দিলেন, কাকে মহাকুম্ভ বলে!” তবে এই মন্তব্য নেটপাড়ায় বিতর্কের জন্ম দিয়েছে। অনেকে বলছেন, ‘পুঁটলি’ শব্দ ব্যবহার করে অক্ষয় গরিব মানুষদের প্রতি কটাক্ষ করেছেন। একজন লিখেছেন, “ঈশ্বরের কাছে সবাই সমান। অক্ষয় কি সেটা ভুলে গেছেন?”

সোশ্যাল মিডিয়ায় অক্ষয়ের মন্তব্যের সমালোচনার ঝড় উঠেছে। এক নেটিজেন লিখেছেন, “মহাকুম্ভ ধনী-গরিবের ভেদাভেদ করে না। অক্ষয়ের এই কথা শুনে মনে হচ্ছে তিনি ভুল পথে হাঁটছেন।” আরেকজন মন্তব্য করেছেন, “অক্ষয়ের ফিল্ম চলছে না বলে এখন পুণ্য কামাতে এসেছেন, কিন্তু মুখ খুললেই বোঝা যায় মনটা কত ছোট।”

অক্ষয় ছাড়াও এবারের মহাকুম্ভে বড় বড় শিল্পপতি ও সেলিব্রিটিদের উপস্থিতি আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে অক্ষয়ের এই বিতর্কিত মন্তব্য তাঁর পুণ্যস্নানের আলোচনাকে ছাপিয়ে গেছে। ভক্তরা একদিকে তাঁর ভক্তি দেখে প্রশংসা করছেন, অন্যদিকে তাঁর কথায় ক্ষুব্ধও হচ্ছেন।

মহাকুম্ভের এই তারকামেলা যতটা আধ্যাত্মিক উৎসবে মনোযোগ আকর্ষণ করছে, ততটাই বিতর্কে জড়াচ্ছে। অক্ষয়ের এই মন্তব্য কি তাঁর কপাল ফেরাতে সাহায্য করবে, নাকি নতুন সমালোচনার জন্ম দেবে—সেটাই এখন দেখার।