৫৮ পেরলেই ৫০% ছাড় মিলবে রেলের টিকিটে? কি বলছে রেল কর্তৃপক্ষ

প্রবীণ নাগরিকদের জন্য রেলের টিকিটে ছাড় সংক্রান্ত একটি খবর সম্প্রতি ভাইরাল হয়েছে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছিল, মহিলাদের জন্য ৫০% এবং পুরুষদের জন্য ৪০% ছাড় ফিরিয়ে আনছে ভারতীয় রেল। কিন্তু এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ।
প্রবীণ নাগরিকদের জন্য রেলের টিকিটে বিশেষ ছাড় বহু বছর ধরে চালু ছিল, যা ২০২০ সালে করোনা পরিস্থিতির কারণে বন্ধ করা হয়। এরপর থেকে অনেকবার এই ছাড় ফিরিয়ে আনার দাবি উঠলেও, রেল কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি।
সম্প্রতি একটি ভাইরাল প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ৫৮ বছরের ঊর্ধ্বে মহিলাদের জন্য ৫০% এবং পুরুষদের জন্য ৪০% ছাড় দেওয়া হবে। এমনকি রাজধানী, শতাব্দী এবং দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনেও এই সুবিধা পাওয়া যাবে বলে দাবি করা হয়েছিল।
এই খবর ছড়িয়ে পড়তেই রেল মন্ত্রণালয়ের নজরে আসে। এরপর রেলের পক্ষ থেকে জানানো হয়, এটি সম্পূর্ণ ভুয়ো এবং প্রবীণ নাগরিকদের ছাড় সংক্রান্ত কোনও নতুন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
রেলের তরফে নাগরিকদের সতর্ক করা হয়েছে ভুয়ো খবরের ওপর বিশ্বাস না করতে এবং শুধুমাত্র রেলের অফিসিয়াল ঘোষণা অনুসরণ করতে।
টিকিটে ছাড় ফেরানোর বিষয়ে রেলের এখনো কোনও পরিকল্পনা নেই। তবে প্রবীণ নাগরিকদের সুবিধার জন্য নতুন কোনও পদক্ষেপ নেওয়া হতে পারে কিনা, সে বিষয়ে কোনও মন্তব্য করেনি রেল মন্ত্রণালয়। এখন দেখার, ভবিষ্যতে এ নিয়ে কোনও নতুন ঘোষণা আসে কিনা।