নতুন রূপে ‘পরীক্ষা পে চর্চা’, প্রধানমন্ত্রীর সঙ্গে পরীক্ষার্থীদের অনুপ্রাণিত করবেন সদগুরু-দীপিকাও

শিক্ষার্থীদের পরীক্ষার চাপ কমাতে এবং তাদের মনোবল বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হয়েছিল ‘পরীক্ষা পে চর্চা’। এবার এই বিশেষ অনুষ্ঠান সম্পূর্ণ নতুন স্টাইলে ও নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হতে চলেছে। শুধু প্রধানমন্ত্রী নন, শিক্ষার্থীদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে এই অনুষ্ঠানে থাকবেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন, আধ্যাত্মিক গুরু সদগুরু, ক্রীড়াবিদ মেরি কম সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।
জানা গেছে, আগামী ১০ ফেব্রুয়ারি নয়া দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত হবে ‘পরীক্ষা পে চর্চা ২০২৫’। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৩.৩০ কোটি শিক্ষার্থী এই আয়োজনে অংশ নেবে। এবারের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:
🔹 আধ্যাত্মিক গুরু সদগুরু
🔹 অভিনেত্রী দীপিকা পাড়ুকোন
🔹 অভিনেতা বিক্রান্ত মাসি
🔹 অভিনেত্রী ভূমি পেডনেকর
🔹 বক্সিং কিংবদন্তি মেরি কম
🔹 জনপ্রিয় ইউটিউবার টেকনিক্যাল গুরুজি
🔹 বিনিয়োগ বিশেষজ্ঞ রাধিকা গুপ্ত
🔹 প্যারালিম্পিয়ান অবনী লেখারা
🔹 পুষ্টিবিদ রুজুতা দিভেকর
🔹 ফুড ইনফ্লুয়েন্সার সোনালি সব্রবাল
২০১৮ সালে শুরু হওয়া এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার ভয় দূর করা এবং তাদের মানসিক দৃঢ়তা বাড়ানো। প্রতি বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন এবং পরীক্ষার চাপ সামলানোর টিপস দেন।
এবারের আয়োজনে পড়ুয়াদের উদ্বুদ্ধ করতে বিশিষ্ট ব্যক্তিত্বরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবেন, মনোবল বাড়ানোর কৌশল বলবেন এবং পরীক্ষার সময় আত্মবিশ্বাস ধরে রাখার উপায় শেখাবেন।
পরীক্ষার্থীদের জন্য এটি শুধু একটি আলোচনা সভাই নয়, বরং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার এক নতুন দিশা। ১০ ফেব্রুয়ারির এই বিশেষ আয়োজনে শিক্ষার্থীদের অভিজ্ঞতা কেমন হয়, এখন সেটাই দেখার।