SPORTS: হঠাৎ-ই স্কোয়াড থেকে সরানো হলো বুমরাহকে, চোট নিয়ে বাড়ছে শঙ্কা

অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর সপ্তাহদুয়েক আগে এসেও ভারতীয় ক্রিকেট বোর্ড এই পেসারের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নয়। যার কারণে পুরো ওয়ানডে সিরিজ থেকেই বাদ দেওয়া হয়েছে। যদিও বোর্ড আনুষ্ঠানিকভাবে স্পিনার বরুণ চক্রবর্তীর স্কোয়াডে অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছে, তবে বুমরাহ সম্পর্কে কিছুই জানায়নি।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে বুমরাহ বেঙ্গালুরুতে বিসিসিআই-এর সেন্টার অফ এক্সিলেন্সে পৌঁছেছেন। তাতে বলা হয়েছে আগামী কয়েকদিন পুনর্বাসনের অংশ হিসেবে বুমরাহ সেখানেই অবস্থান করবেন। সেখানকার ফিজিওথেরাপিস্টরা তাকে ছাড়পত্র দিলেই কেবল ম্যাচ খেলার জন্য ফিট বলে বিবেচিত হবেন তিনি।
চোটের কারণে গত দুই বছরেও বেশ ভুগেছেন ভারতীয় এই ডানহাতি পেসার। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও বুমরাহকে পায়নি ভারত। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিও এবারে শঙ্কার মুখে। ভারতের প্রথম ম্যাচ অবশ্য ২০ তারিখ, বাংলাদেশের বিপক্ষে।