কৃষকদের জন্য বড় সুখবর: কিসান ক্রেডিট কার্ডে ঋণের সীমা বাড়ালো কেন্দ্রীয় সরকার

২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটে এক বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কৃষকদের উন্নয়ন এবং আত্মনির্ভরতা বাড়ানোর উদ্দেশ্যে কিসান ক্রেডিট কার্ডে (KCC) ঋণের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজেট পেশের শুরুতেই অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের ৭.৭ কোটি কৃষক ও মৎসজীবী কিসান ক্রেডিট কার্ড স্কিমের আওতায় উপকৃত হচ্ছেন। এই স্কিম কৃষকদের জন্য একটি স্বল্প মেয়াদী ঋণ প্রকল্প, যার মাধ্যমে তারা কৃষিকাজে প্রয়োজনীয় তহবিল সহজে পান।
আগে যেখানে কৃষকরা কিসান ক্রেডিট কার্ড এর মাধ্যমে সর্বাধিক ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতেন, সেখানে এবার সেই সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন,”কৃষকদের জন্য একটি শক্তিশালী আর্থিক সহায়তা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কৃষকরা তাদের কৃষি কাজ আরও সহজে পরিচালনা করতে পারবেন এবং উৎপাদন বৃদ্ধি পাবে,”
এই সিদ্ধান্তে কৃষকদের কাছে ঋণ পাওয়ার সুযোগ সহজ হবে এবং তাদের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য পর্যাপ্ত তহবিল পাবেন। এছাড়া, কৃষকদের আরও বেশি স্বাবলম্বী করে তুলতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
এটি এমন একটি সময়কালে এসেছে যখন কৃষি সেক্টরের উন্নয়ন ও আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।