শীত উধাও! ২১ ডিগ্রিতে পৌঁছল তাপমাত্রা, সরস্বতী পুজোতেও শীতের আশা নেই

মাঘের শীত বাঘের গায়ে’— প্রচলিত এই প্রবাদ যেন এবারের আবহাওয়ায় একেবারেই মানানসই নয়। যখন হাড় কাঁপানো ঠান্ডা পড়ার কথা, তখন কার্যত উধাও শীতের আমেজ। মধ্য মাঘেই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে শীতের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সরস্বতী পুজোর সময়েও শীতের প্রত্যাশা নেই। কলকাতার পারদ ইতিমধ্যেই ২১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের চেয়ে ছ’ডিগ্রি বেশি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও তাপমাত্রা বেশ বেড়ে গেছে। মেদিনীপুরে পারদ ১৮ ডিগ্রির ঘরে, বাঁকুড়া ও বীরভূমে তাপমাত্রা ১৬ ডিগ্রির উপরে পৌঁছেছে।

বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা, সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া দফতর জানাচ্ছে, এই পরিবর্তনের মূল কারণ পশ্চিমী ঝঞ্ঝা। আশ্চর্যের বিষয়, এবার একসঙ্গে দুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ছে বাংলার আকাশে, যার জেরে শীতের অনুভূতি কমে গিয়েছে।

আবহাওয়াবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই শীত বিদায় নিতে চলেছে। লেপ-কম্বলের দিন কার্যত শেষ। অনেকেই এখন ফ্যান চালানোর প্রস্তুতি নিচ্ছেন। চলতি সপ্তাহের শেষের দিকে, অর্থাৎ শনিবার ও রবিবার, তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে গরমের অনুভূতিও বেশ স্পষ্ট হতে চলেছে।

শীতের এই আকস্মিক অন্তর্ধানে হতাশ শীতপ্রেমীরা। অনেকেই আশা করেছিলেন, সরস্বতী পুজোতে অন্তত শীতের আমেজ থাকবে, কিন্তু আবহাওয়ার পূর্বাভাস সে সম্ভাবনা একেবারেই নাকচ করে দিয়েছে। আবহাওয়া দফতর বলছে, সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে বড় কোনও পরিবর্তনের আশা নেই।