কলেজের শিক্ষকের কাছেই পড়তে হবে প্রাইভেট টিউশন, নয়তো করানো হবে ফেল! বিক্ষোপ ছাত্রদের

হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজে প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের উপর টিউশন ও নির্দিষ্ট প্রকাশনার বই কেনার জন্য চাপ সৃষ্টি করার অভিযোগ উঠেছে। অভিযোগ, কলেজের দু’জন শিক্ষক বাধ্য করছেন শিক্ষার্থীদের তাদের কাছেই প্রাইভেট পড়তে এবং নির্দিষ্ট প্রকাশকের বই কিনতে। না মানলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কলেজের অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেন প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীরা। তাঁদের অভিযোগ, এক শিক্ষক ক্লাসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ছাত্র-ছাত্রীদের মানসিক চাপে রাখেন। এছাড়াও, এক শিক্ষিকা বারবার তাঁদের প্রাইভেট টিউশন নেওয়ার জন্য বাধ্য করছিলেন।
বিক্ষোভরত ছাত্র-ছাত্রীরা জানান, বহুদিন ধরেই বিষয়টি চলছিল এবং বারবার কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ছাত্রদের বাধ্য হয়েই এই আন্দোলনে নামতে হয়েছে।
ছাত্র সংসদের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ মাধবানন্দ সাহার কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। তিনি জানান, “অভিযোগ পেয়েছি এবং একটি স্টুডেন্টস রিড্রেসাল কমিটি গঠন করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করবে। এছাড়াও, ঘটনার বিস্তারিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।”
এই ঘটনার পর কলেজ কর্তৃপক্ষের পদক্ষেপ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন কীভাবে প্রভাবিত হবে, সেটাই এখন দেখার বিষয়।