BigNews: মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী প্লেনের সংঘর্ষ, বহু মৃত্যুর বাড়ছে আশঙ্কা

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির রিগান জাতীয় বিমানবন্দরের কাছে একটি আমেরিকান এয়ারলাইন্সের বিমান মাঝ আকাশে একটি হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে। সংঘর্ষের পর বিমান ও হেলিকপ্টার দুটোই পটোম্যাক নদীতে পড়ে যায়।
প্রতিবেদন অনুসারে, বিমানটি যখন বিমানবন্দরে অবতরণ করছিল তখনই সামনের দিক থেকে আসা একটি আমেরিকান আর্মির ব্ল্যাকহক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষ হয়। জানা গেছে, সংশ্লিষ্ট হেলিকপ্টারটি ছিল একটি সিরোস্কি এইচ-৬০ মডেলের হেলিকপ্টার।
এই দুর্ঘটনার শিকার বিমানটি ছিল একটি ছোট যাত্রীবাহী বিমান, যার আসন সংখ্যা ৬৫। দুর্ঘটনার সময় বিমানটিতে ৬০ জন যাত্রী ছিলেন। বিমানটি কানসাস থেকে ওয়াশিংটনে আসছিল। আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, “PSA দ্বারা পরিচালিত আমেরিকান ঈগল ফ্লাইট ৫৩৪২ কানসাস থেকে ওয়াশিংটনের রিগান জাতীয় বিমানবন্দরে আসার সময় দুর্ঘটনায় পড়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”
মার্কিন সিনেটর টেড ক্রুজ জানিয়েছেন, এই দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে, তবে এখনও নির্দিষ্টভাবে কতজন মারা গেছেন তা জানা যায়নি। দুর্ঘটনার পরপরই ওয়াশিংটন ডিসির রিগান বিমানবন্দরে ফ্লাইট চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। ডিসি মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের বিভাগের নয়।
ওয়াশিংটন ডিসির সিনেটর জেরি মোরান জানিয়েছেন, কানসাস থেকে আগত বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকার্য চলছে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হয়েছে।