‘ওরা রাজি থাকলে, তবেই …?’ বিরাট-রোহিতকে নিয়ে স্পষ্ট বার্তা ভারতের ব্যাটিং কোচের

ভারতীয় ক্রিকেটের দুই প্রধান স্তম্ভ রোহিত শর্মা ও বিরাট কোহলির সাম্প্রতিক টেস্ট ফর্ম নিয়ে বিসিসিআই গভীর চিন্তায়। টানা ব্যর্থতার পর তাঁদের খেলার ধরন ও মানসিকতার উন্নতির জন্য নতুন ব্যাটিং কোচ সীতাংশু কোটকের উপর ভরসা রেখেছে বোর্ড। তবে কোটক নিজে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ শুরু করেছেন।
বর্ডার-গাভাসকর সিরিজ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠের সিরিজে ব্যাটসম্যানদের ব্যর্থ পারফরম্যান্সে ক্ষুব্ধ বিসিসিআই রায়ান টেন দুশখাতের মতো ব্যাটিং কোচদের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়ে কোটক আপাতত ব্যাটসম্যানদের কাছে থেকে পর্যবেক্ষণ করছেন।
তিনি বলেন, “রোহিত ও বিরাট অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ ব্যাটসম্যান। আমি চাই তাঁদের কাছ থেকে শিখতে এবং তাঁদের মানসিকতা বুঝতে। যদি তাঁদের ব্যাটিংয়ে ২-৫ শতাংশ উন্নতি করতে কোনও পরামর্শ দিতে পারি, সেটাও বড় বিষয় হবে।”
গত মরসুমে বিরাট কোহলির টেস্ট গড় ছিল মাত্র ২২.৪৭। অন্যদিকে, রোহিত শর্মার পারফরম্যান্স আরও খারাপ। শেষ ১৫ ইনিংসে তাঁর গড় ১১-এর নিচে, যা ব্যাটসম্যান হিসেবে বড় উদ্বেগের কারণ।এই অবস্থায় ভারতের নয়া ব্যাটিং কোচ বলছেন, ‘যদি ওদের মাইন্ডসেট থাকে কখনও কোনও পরামর্শ নেওয়ার আমার থেকে, তাহলে অবশ্যই আমি কিছু বিষয় ওদের বলব। যেগুলো আমার মাথায় রয়েছে ওদের ব্যাটিং নিয়ে। কিন্তু সেটার একটা সময় আছে। আগে ওদের মানসিকভাবে তৈরি হতে হবে, তারপরই বলতে পারব ’
কোটক এই পরিস্থিতিতে সরাসরি কোনও পরামর্শ দিতে চান না। তিনি বলেন, “ওঁরা সিনিয়র ক্রিকেটার। আগে তাঁদের পরিকল্পনা ও মানসিকতা বুঝে, তাঁদের সঙ্গে কথা বলে প্রয়োজনে কিছু যোগ করার চেষ্টা করব।”
ভারতের নতুন ব্যাটিং কোচ কোটক মনে করেন, খোলা মন নিয়ে কাজ করলে সবার কাছ থেকেই শেখা যায়। তিনি বলেন, “খেলাকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে সবার কাছ থেকে শিক্ষা নিতে হবে। এমন মানসিকতাই আমাদের থাকতে হবে।”
২০২৪-২৫ মরসুমে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজগুলিতে ভারতীয় দলের ব্যাটিংকে পুনরুজ্জীবিত করার দায়িত্ব কোটকের ওপর। সিনিয়র ব্যাটসম্যানদের ফর্ম ফিরে পেতে সহযোগিতা করা এবং ব্যাটিং লাইনআপে স্থিতিশীলতা আনাই হবে তাঁর প্রধান কাজ।
রোহিত-বিরাটের ফর্মের ওপর ভারতীয় দলের ভবিষ্যৎ অনেকটাই নির্ভরশীল। এখন দেখার, কোটক তাঁদের পুরনো মেজাজে ফিরিয়ে আনতে কতটা সফল হন।