SPORTS: ব্যাটিং ফর্ম ফেরাতে রঞ্জি খেলবেন রোহিত? মুম্বই দলের সঙ্গে শুরু হলো প্র্যাক্টিসে জল্পনা

ফর্মে ফেরার জন্য মরিয়া ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সিরিজে ধারাবাহিক ব্যর্থতার পর, চাপের মুখে পড়ে প্রায় ১০ বছর পর মুম্বই দলের সঙ্গে অনুশীলনে দেখা গেল তাকে। এর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও তার ব্যাট শান্ত ছিল। এই কারণে অনেকেই রোহিতকে রঞ্জি ট্রফি খেলার পরামর্শ দিয়েছিলেন। বোর্ড এবং কোচ গৌতম গম্ভীরও চেয়েছিলেন যে তারকারা ঘরোয়া ক্রিকেটে খেলুক।

সেই মতো, মঙ্গলবার টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা মুম্বাই দলের অনুশীলনে যোগ দেন। তবে তিনি রঞ্জিতে খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য তিনি ইতিমধ্যেই বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মাঠে অনুশীলন করছেন। মুম্বইয়ের পরবর্তী রঞ্জি ম্যাচ জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে এবং সেই ম্যাচের প্রস্তুতির জন্য দল বর্তমানে মাঠের মাঝের উইকেটে অনুশীলন করছে।

মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা জানান, “রোহিত নিজেই মুম্বই দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। তবে পরের রঞ্জি ম্যাচে তিনি খেলবেন কিনা সে বিষয়ে এখনও কিছু বলেননি। তিনি সময় মতো এ বিষয়ে জানাবেন।”

রোহিত শেষবার ২০১৫ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে খেলেছিলেন। অস্ট্রেলিয়া সফরে তিনটি টেস্টে তিনি মাত্র ৩১ রান করেন এবং সিডনির শেষ ম্যাচে তাকে বাদ দেওয়া হয়। ফর্মে ফেরার জন্য তিনি রঞ্জিতে খেলতে পারেন বলে মনে করা হচ্ছে।

সিডনিতে হারের পর ভারতের কোচ গৌতম গম্ভীর ঘরোয়া ক্রিকেটের গুরুত্বের উপর জোর দিয়ে বলেছিলেন, “আমি সবসময় চাই সবাই ঘরোয়া ক্রিকেটে খেলুক। ঘরোয়া ক্রিকেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। শুধু একটা ম্যাচ নয়, যারা আরও বেশি খেলতে পারবে এবং যাদের লাল বলের ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা রয়েছে তাদের সকলের খেলা উচিত। যদি আপনি ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব না দেন, তাহলে টেস্ট ক্রিকেটে খেলার মতো ক্রিকেটার খুঁজে পাবেন না।”

গম্ভীরের এই বক্তব্যই কি রোহিতকে রঞ্জি দলের সঙ্গে অনুশীলনে নামতে বাধ্য করল? এটাই এখন বড় প্রশ্ন। তবে এর উত্তর একমাত্র রোহিত নিজেই দিতে পারবেন। এই অনুশীলনের মাধ্যমে রোহিত কতটা ফর্মে ফিরতে পারেন এবং রঞ্জি ট্রফিতে খেলেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।