BigNews: ভারতে HMPV-র প্রথম কেস, চিন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসে আক্রান্ত ১ শিশু

যে আশঙ্কা ছিল, শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। ভারতেও হিউম্যান মেটানিউমোনিয়া ভাইরাস (HMPV)-এর প্রথম কেস ধরা পড়ল। চিনে দ্রুত ছড়িয়ে পড়া এই নতুন ভাইরাস এবার ভারতেও প্রবেশ করল। জানা গিয়েছে, বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে আট মাসের এক শিশুর শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

বেঙ্গালুরুতে ৮ মাসের শিশুর শরীরে HMPV-এর সন্ধান:

বেঙ্গালুরুর স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, শিশুটির কোনও সরকারি হাসপাতালে পরীক্ষা হয়নি। একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষার রিপোর্টে ওই শিশুর শরীরে HMPV ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সরকারি আধিকারিকদের মতে, শুধুমাত্র বেসরকারি হাসপাতালের রিপোর্টের ওপর ভিত্তি করে কোনো মন্তব্য করা যায় না। সেই কারণে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে, এই ঘটনার পর স্বাস্থ্য বিভাগ সতর্ক হয়েছে এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

হিউম্যান মেটানিউমোনিয়া বা HMPV কী?

হিউম্যান মেটানিউমোনিয়া ভাইরাস (HMPV) একটি সাধারণ শ্বাসযন্ত্রের ভাইরাস যা সাধারণত সর্দি-কাশির মতো উপসর্গ সৃষ্টি করে। এই ভাইরাসে আক্রান্ত হলে সর্দি, কাশি, গলা ব্যথা এবং নাক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এই ভাইরাসটি বিশেষত ছোট শিশু, বৃদ্ধ এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।

হিউম্যান মেটানিউমোনিয়া কি COVID-19 এর মতোই?

যদিও HMPV এবং SARS-CoV-2 (COVID-19 এর জন্য দায়ী ভাইরাস) ভিন্ন গোত্রের ভাইরাস, তাদের মধ্যে কিছু মিল রয়েছে। HMPV ফ্লু-এর মতো উপসর্গ সৃষ্টি করে এবং সাধারণত শ্বাসনালীকে প্রভাবিত করে। শীতকালে এবং বসন্তের শুরুতে এই ভাইরাসের সংক্রমণ বেশি দেখা যায়। COVID-19 এর মতোই, HMPV ও জ্বর, কাশি, গলা ব্যথা এবং শ্বাসকষ্টের কারণ হতে পারে। উভয় ভাইরাসই শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ।

বেঙ্গালুরুতে প্রথম HMPV কেস ধরা পড়ায় স্বাস্থ্য বিভাগ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। যদিও সরকারি কর্মকর্তারা এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন, তবুও সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং উপসর্গ দেখা গেলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে বলা হয়েছে। এই বিষয়ে আরও তথ্য জানার জন্য নজর রাখুন।