SPORTS: “আমাকে আউট না করার জন্য ধন্যবাদ”-অশ্বিনকে বিদায় বার্তা অস্ট্রেলিয়ান তারকার

ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন। খেলোয়াড়ি জীবনের একটি ঘটনা নিয়ে তাকে জড়িয়ে একটি মজার পোস্ট শেয়ার করেছেন অ্যারন ফিঞ্চ। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অবশ্য টিম ইন্ডিয়ার স্পিন অলরাউন্ডারকে অন্যতম সেরা হিসেবে অভিহিত করেন।
পৃথিবীজুড়ে তখন চলছিল করোনাকাল। ভারতের পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় সংযুক্ত আরব আমিরাতে সেই বছর সরিয়ে নেয়া হয়েছিল আইপিএলের আসর। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা।
দিল্লি ক্যাপিটালসের অশ্বিন ওভারের চতুর্থ বলটি করার আগেই লাইন ছেড়ে এগিয়ে যান নন-স্ট্রাইকে থাকা ফিঞ্চ। বল না করে থেমে যান অশ্বিন, তার মুখে ছিল হাসি। এমন সুযোগ হাতছাড়া করায় অনেকেই অবাক হয়েছিলেন।
সেই স্মৃতি সামনে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ছবি দিয়েছেন ফিঞ্চ। ক্যাপশনে লিখেছেন, ‘সর্বকালের সেরাদের একজন। আপনার সঙ্গে এবং বিপক্ষে খেলতে পারাটা আনন্দের ছিল। পুনশ্চ: সেদিন আমাকে আউট না করার জন্য ধন্যবাদ।’
চার বছর আগে সেদিন ফিঞ্চকে মানকাডেড আউট না করা প্রসঙ্গে অশ্বিন বলেছিলেন, ‘কিংস ইলেভেন পাঞ্জাবের সময় থেকে সে আমার ভালো বন্ধু। খুবই দারুণ একজন যার সঙ্গে আমি অনেক সন্ধ্যা বসে সময় পার করেছি। তাই আমি শেষ পর্যন্ত সতর্ক করার পথ বেছে নিয়েছি। আমার মনে হয়, শাস্তি কঠোর হওয়া উচিত। এমন এগিয়ে যাওয়ার জন্য ১০ রান কাটা দরকার। তাহলে কোনো ব্যাটসম্যানই এভাবে বেরিয়ে যাবে না। এভাবে আউট করা কোনো স্কিল নয়, তবে বোলারদের হাতে আর কোনো উপায়ও নেই।’
৩৮ বছর বয়সী অশ্বিন টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এবং খেলাটির অন্যতম সেরা অলরাউন্ডার হিসাবে অবসর নিয়েছেন। ক্রিকেট ক্যারিয়ারে তিনি কেবল বোলার হিসাবেই নন, ব্যাট হাতেও অবদান রেখেছেন। টেস্টে ছয়টি সেঞ্চুরি এবং ১৪টি ফিফটিসহ ৩,৫০৩ রান করেছেন। রেকর্ড ১১বার সিরিজসেরা হওয়ার কীর্তি আছে তার। তার সঙ্গে আছেন মুত্তিয়া মুরালিধরন।
সাদা বল অর্থাৎ সীমিত ওভারের ক্রিকেটেও অ্যাশের পারফরম্যান্স ছিল উজ্জ্বল। ১১৬টি ওয়ানডে ম্যাচে মাঠে নামেন। ১১৪টি ইনিংসে বল করে ১৫৬টি উইকেট নিয়েছেন। ইনিংসে ৪ উইকেট নিয়েছেন ১ বার। তার সেরা বোলিং ফিগার ২৫ রানে ৪ উইকেট।
মোট ৬৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নামেন। ৬৫টি ইনিংসে বল করে ৭২টি উইকেট নিয়েছেন। এক ইনিংসে ৪ উইকেট নিয়েছেন দুই বার। সেরা বোলিং ফিগার মাত্র ৪ রান খরচায় ৪ উইকেট। ১৯টি ইনিংসে ব্যাট করে ১৮৪ রান সংগ্রহ করেন। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৩১ রানের।