BigNews: ৫ বছরে ৫ লক্ষ চাকরির আশ্বাস দিলো TATA-র, কোথায় কোথায় হবে কর্মসংস্থান?

টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণের ঘোষণা ভারতীয় শিল্প জগতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তিনি জানিয়েছেন, আগামী ৫ বছরে টাটা গ্রুপ অন্তত ৫ লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি এবং সম্পর্কিত শিল্পগুলিতে এই নতুন চাকরির সৃষ্টি হবে।

ইন্ডিয়ান ফাউন্ডেশন ফর কোয়ালিটি ম্যানেজমেন্ট-এর একটি অনুষ্ঠানে চন্দ্রশেখরণ বলেন, “উৎপাদন খাতে যদি আমরা কর্মসংস্থান তৈরি করতে না পারি, তাহলে ভারত উন্নয়নশীল দেশের লক্ষ্য পূরণ করতে পারবে না।” তিনি আরও বলেন, “সেমিকন্ডাক্টর, উৎপাদন, বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি এবং সম্পর্কিত ক্ষেত্রে আমাদের বিনিয়োগের মাধ্যমে আমরা আশা করি আগামী ৫ বছরে ৫ লক্ষ কর্মসংস্থান তৈরি করতে পারব।”

অসমে সেমিকন্ডাক্টর কারখানা এবং নতুন বৈদ্যুতিক গাড়ি কারখানা স্থাপনের উদ্যোগের কথা উল্লেখ করে চন্দ্রশেখরণ জানান যে, এই ধরনের বড় প্রকল্পগুলি সরাসরি এবং পরোক্ষভাবে অনেক চাকরির সৃষ্টি করে। বিশেষজ্ঞদের মতে, টাটা গ্রুপের এই উদ্যোগ অন্যান্য শিল্পগুলিকেও অনুপ্রাণিত করবে এবং দেশের অর্থনীতিতে নতুন এক মাত্রা যোগ করবে।

ভারতের বেসরকারি খাতে কর্মসংস্থানের একটি বড় অংশ টাটা গ্রুপের উপর নির্ভরশীল। খাদ্য থেকে তথ্যপ্রযুক্তি, গাড়ি থেকে লোহা, টাটার বিভিন্ন শাখায় লক্ষ লক্ষ মানুষ কাজ করে। টাটা গ্রুপের এই নতুন উদ্যোগ দেশের বেকার সমস্যা মোকাবিলায় একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।