35 বছর পর ফের TV তে ফৌজি, শাহরুখের জায়গায় এবার কোন অভিনেতা?

শাহরুখ খানের কেরিয়ারের সূচনা করেছিল ‘ফৌজি’ ধারাবাহিক। ৩৫ বছর পর এই জনপ্রিয় ধারাবাহিকের সিক্যুয়েল নিয়ে দর্শকদের সামনে হাজির হতে চলেছে। ‘ফৌজি ২’ নামে এই নতুন ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করবেন টেলিভিশনের জনপ্রিয় মুখ ভিকি জৈন।
মঙ্গলবার এই ধারাবাহিকের ঘোষণা করা হয়েছে। বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, দূরদর্শনের সঙ্গে হাত মিলিয়ে এই ধারাবাহিকটি তৈরি করা হচ্ছে।
মূল ‘ফৌজি’ ধারাবাহিকটি পরিচালনা করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল রাজ কুমার কাপুর। এই ধারাবাহিকই শাহরুখ খানকে দেশের কয়েক কোটি দর্শকের প্রিয় করে তুলেছিল। ‘ফৌজি ২’-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিনব পারেক।
ভিকি জৈনের সঙ্গে এই ধারাবাহিকে গওহর খান, আশিস ভরদ্বাজ, উৎকর্ষ কোহলি, রুদ্র সোনি, অমরদীপ ফোগাত, অয়ন মানচন্দা, সুভাংশ ধর, প্রিয়াংশু রাজগুরু, আমান সিং দীপ, উদিত কাপুর, মানসী এবং সুস্মিতা ভান্ডারিও অভিনয় করবেন।
ভিকি জৈন শুধু এই ধারাবাহিকের প্রধান নায়ক নন, তিনি সহ-প্রযোজকও।