জল্পনাই হলো সত্যি, রায়হান রাফির পরিচালনায় অভিনয় করবেন জিৎ

বাংলার জনপ্রিয় অভিনেতা জিতকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রায়হান রাফি। সম্প্রতি এমন গুঞ্জনই ভেসে বেড়াচ্ছে সিনেমাপাড়ায়। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন রাফি।

আনন্দবাজার অনলাইনের এক সাক্ষাৎকারে নির্মাতা রাফি বলেন, ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় আরো সিনেমা তৈরির ইচ্ছা আছে। জিৎদা ওপার বাংলার সুপারস্টার। তার সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির আরো অনেককেই আমার পছন্দ। তাই এখনই আলাদা করে কারো নাম উল্লেখ করার সময় আসেনি।

সিনেমার বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, সিনেমার প্রসঙ্গে যা বলার তা প্রযোজনা সংস্থা বলবে। এ প্রসঙ্গে উঠে এসেছে দুই প্রযোজনা সংস্থার নাম। গুঞ্জন— ওপার বাংলার প্রযোজনা সংস্থা শ্যাডো ফিল্মসের সঙ্গে যুক্ত হতে পারে এপার বাংলার জাজ মাল্টিমিডিয়া।

রাফির আগামী সিনেমায় থাকছেন জিৎ। একই সঙ্গে সহ-অভিনেতা হিসাবে উঠে এসেছে চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর নাম। শোনা যাচ্ছে, চঞ্চল চৌধুরীর দিকেই নাকি পাল্লা ভারি। তবে জিতের বিপরীতে এপার বাংলার নায়িকা থাকবেন নাকি ওপার বাংলার, তা এখনো জানা যায়নি।