ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৬৬ হাজার সেনা নিহত- এই যুদ্ধ আর কতদিন চলবে?

ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার ৬৬ হাজারেরও বেশি সামরিক কর্মী নিহত হয়েছে। রাশিয়ান স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা শনিবার এ তথ্য জানিয়েছে।
মিডিয়াজোনা ওপেন সোর্স ডেটা ব্যবহার করে বিবিসি রাশিয়ান সার্ভিসের সাথে একযোগে নিহত সেনাদের একটি তালিকা তৈরি করছে।
এর আগে এপ্রিলে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, তারা নিহত রাশিয়ানদের ৫০ হাজারেরও বেশি নাম খুঁজে পেয়েছে।
মিডিয়াজোনা শনিবার বলেছে, ‘৩০ আগস্ট পর্যন্ত, আমরা যুদ্ধে নিহত ৬৬ হাজার ৪৭১ রাশিয়ান সেনার নাম জানি।’
তালিকায় গত চার সপ্তাহে নামরে সংখ্যা চার হাজার ৬০০ এরও বেশি বেড়েছে। অবশ্য অনেক সেনার মৃত্যুর তথ্য জনসমক্ষে প্রকাশ না করায় তার নির্দিষ্ট পরিসংখ্যান নেই।
মিডিয়াজোনার একজন সাংবাদিক আনাস্তাসিয়া আলেকসেইভা জোর দিয়েছিলেন যে সর্বশেষ মৃত্যুর সংখ্যা কুরস্ক অঞ্চলে ইউক্রেনের আক্রমণ বা পূর্বে রাশিয়ার অগ্রগতির সাথে যুক্ত নয়।
প্রসঙ্গত, দুই পক্ষই এখনো সমান তালে করে চলেছে লড়াই। একে অপরকে দিচ্ছে কড়া চ্যালেঞ্জ। আর এই লড়াইয়ে দুই পক্ষেরই হচ্ছে সামরিক ক্ষয় ক্ষতি। রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ থামানোর বিষয়ে একাধিক বার উদ্যোগ নেয়া হলেও তা কোনো কাজে আসেনি। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধ আর কতদিন চলবে? সেই প্রশ্নই এখন বিশ্বজুড়ে।