“দম না ছেড়ে টানতে হবে তিনটে সিগারেট!”-ফের যাদবপুরে র‍্যাগিংয়ের অভিযোগ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের ঘটনা আবারও চাঞ্চল্য সৃষ্টি করেছে। এইবার ঘটনাটি ঘটেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই, ছাত্র ইউনিয়নের রুমে। এক দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীকে একদল সিনিয়র ছাত্র এবং প্রাক্তন ছাত্র মিলে নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগকারী ছাত্র জানিয়েছেন, র‌্যাগিংয়ের বিরোধিতা করায় তিনি টার্গেটে পরিণত হয়েছেন। তাকে মৌখিকভাবে হেনস্থা করা হয়েছে, ফোন কেড়ে নেওয়া হয়েছে এবং হোয়াটসঅ্যাপ মেসেজ পরীক্ষা করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে বিভিন্ন বিভাগের বেশ কয়েকজন প্রাক্তন ছাত্র রয়েছেন।

ওই ছাত্র লিখেছেন, ‘২৫ জুলাই ক্যাম্পাসে র‍্যাগিংয়ে অভিযুক্ত বেশ কয়েকজন ছাত্র ও প্রাক্তনীর বিরুদ্ধে রুখে দাঁড়ান অনেকে। তা নিয়েই আমাকে চেপে ধরা হয়। এর আগেও আমাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এক পাস আউট স্টুডেন্ট র‍্যাগিং করে। বলা হয়, কোনও দম না ছেড়ে একের পর এক তিনটে সিগারেট খেতে। আমি সেটা নিয়ে প্রতিবাদ করি। র‍্যাগাররা আমাকে ভয় দেখাতে এবং মারতে আসে। আমি অত্যন্ত ট্রমাটাইজ় হয়ে পড়ি।’

এই ঘটনার তদন্তে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‌্যাগিং স্কোয়াড কাজ শুরু করেছে। অভিযোগকারী ছাত্র ইউজিসি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছেন।