“পুলিশ স্টেশন পর্যন্ত যেতে না পারলে…” মহিলাদের উদ্যেশে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি RGKAR মামলার উল্লেখ না করে মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে একটি কড়া বার্তা দিয়েছেন। রবিবার মহারাষ্ট্রের জলগাঁওয়ে ‘লাখপতি দিদি’ প্রকল্পের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী মঞ্চ থেকে নারীদের প্রতি অবিচারের তীব্র নিন্দা জানান।

নরেন্দ্র মোদী বলেন, ‘মহিলাদের বিরুদ্ধে কোনও পাপ কাজ সহ্য করব না। অপরাধীদের কঠিন সাজা নিশ্চিত করব। কাউকে রেয়াত করা হবে না। এই ধরণের অপরাধের কোনও ক্ষমা হয় না।’

তাঁর সংযোজন, ‘মহিলাদের নিরাপত্তা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি রাজ্যের সরকারকে আবার বলছি, কোনওভাবেই যাতে মহিলাদের উপর হওয়া অন্যায়-অবিচার ক্ষমা না করা হয়। কালপ্রিট যেই হোক না কেন, রেয়াত করা হবে না কাউকেই। অপরাধে সাহায্যকারীদেরও রেয়াত করা হবে না। হাসপাতাল হোক, স্কুল কিংবা অফিস অথবা পুলিশি ব্যবস্থা, কোথাও একফোঁটাও গাফিলতি বরদাস্ত করা হবে না। তেমনটা হলে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।’

তিনি সকলের উদ্দেশে বলেন, ‘আগে অনেক অভিযোগ উঠত, সঠিক সময় মহিলাদের বিরুদ্ধে অন্যায়-অপরাধের FIR দায়ের হতো না। শুনানি হতো না, মামলার দিন পিছিয়ে যেত। ভারতীয় ন্যায় সংহিতায় সেই সমস্ত বিষয়গুলি সংশোধন করা হয়েছে। মহিলা এবং শিশুদের উপর হওয়া অত্যাচার নিয়ে একটি গোটা চ্যাপ্টার রয়েছে এই আইনে। পুলিশ স্টেশন পর্যন্ত যেতে না পারলে অনলাইনেই e-FIR দায়ের করার সুযোগ রয়েছে মহিলাদের জন্য।’