“মিথ্যা প্রতিশ্রুতি দিলে হবে না”-RG Kar নিয়ে ফের সরব হলেন অভিষেক ব্যানার্জি

দেশজুড়ে আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ চলছে, এই পরিস্থিতিতে ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রবর্তনের দাবি জানিয়ে কেন্দ্রকে চাপ দিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে অনুরোধ করেছেন। তিনি দাবি করেছেন যে, এই ধরনের ঘটনায় ৫০ দিনের মধ্যে বিচার সম্পন্ন হওয়া উচিত এবং দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হোক।

বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডলে অভিষেক লেখেন, ‘গত ১০ দিনে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় যখন গোটা দেশ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে, সুবিচারের দাবি করছে, সেই সময় দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। ভারতের বিভিন্ন প্রান্তে ৯০০ জনকে ধর্ষণ করা হয়েছে। অথচ এত কিছু সত্ত্বেও এই অপরাধের কোনও দীর্ঘমেয়াদি সমাধান বার করা গেল না কেন?’

তিনি বলেন, ‘আমাদের এমন শক্তিশালী আইন দরকার যা ৫০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করবে এবং দোষীদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করবে। শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দিলে হবে না।’

মধ্যরাতে আরজি কর হাসপাতালে অতর্কিতে হামলার ঘটনা ঘটে। তিনি লেখেন, ‘এই গুন্ডামি সহ্যের সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের পাকড়াও করে তাদের আইনিভাবে শাস্তির ব্যবস্থা করতে হবে।’