“ইন্ডাস্ট্রি সলমানকে ভুল বুঝেছে….”-বলিউডের তিন খানকে নিয়ে ছবি বানাবেন কঙ্গনা রানাওয়াত?

“এমার্জেন্সি” মুক্তির আগে কঙ্গনা রনৌতের বড় ঘোষণা! বলিউডের তিন খানকে নিয়ে একসাথে কাজ করতে চান তিনি।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে কঙ্গনা রনৌতের নতুন ছবি “এমার্জেন্সি”। ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অভিনেত্রী এক অপ্রত্যাশিত ঘোষণা দিয়ে সবার নজর কেড়েছেন। তিনি জানিয়েছেন, তিনি বলিউডের তিন খান- সলমান, শাহরুখ এবং আমিরকে নিয়ে একসাথে একটি ছবি করতে চান।
কঙ্গনা বলেন, “আমি এই তিনজনকে একসাথে একটা ছবিতে দেখতে চাই। তাঁদের মেধা তুলে ধরতে চাই। এমন একটা ছবি যেখানে তাঁরা অভিনয় করতে পারবেন আর দর্শকরাও তাঁদের দেখতে পাবেন।” তিনি আরও যোগ করেন, “আমি মনে করি ওঁরা সত্যিই খুব প্রতিভাবান।”
শাহরুখ এবং আমির খানের প্রশংসা করার পাশাপাশি, কঙ্গনা সলমান খানকে নিয়েও মন্তব্য করেছেন। তিনি বলেছিলেন, “সলমান খানের প্রচুর ভক্ত রয়েছে। মানুষ তাঁকে খুব ভালোবাসে। দেশের অন্যতম সেরা অভিনেতা তিনি। যারা তাঁর সঙ্গে নিজেদের তুলনা করে এবং তাঁকে ভুল বোঝে, বুঝতে হবে তাঁকে হিংসা করেন এবং তাঁর জায়গা নিতে চায়।”
ইরফান খানকে স্মরণ করে কঙ্গনা বলেন, “একজন অভিনেতা যাঁকে দিয়ে অভিনয় করাতে না পারার জন্য আমি সবসময় আফসোস করি, তিনি হলেন ইরফান খান স্যার। তিনি আমার প্রিয় খানদের একজন এবং আমি তাঁকে সবসময় মিস করব।”