বদলে যাচ্ছে বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম, হাসিনা সরকার সরতেই নয়া সিদ্ধান্ত

বাংলাদেশ পুলিশে ব্যাপক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, পুলিশের মনোবল বাড়াতে এবং তাদের কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই পরিবর্তন আনা হচ্ছে।

এর আগে, বিভিন্ন দাবিতে বাংলাদেশের নিচুতলার পুলিশকর্মীরা কর্মবিরতি করেছিলেন। তবে, সরকারের সঙ্গে আলোচনার পরে তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। সরকার তাদের বেশিরভাগ দাবি মেনে নিয়েছে।

সরকারের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো পুলিশকে রাজনীতি থেকে মুক্ত করা এবং জনগণের সেবায় নিযুক্ত করা। স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা জানিয়েছেন, পুলিশকে একটি স্বাধীন কমিশনের অধীনে আনা হবে, যাতে তারা রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত থাকে।

পুলিশের নতুন ইউনিফর্ম ও লোগো সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি। তবে, সরকার জানিয়েছে যে, নতুন ইউনিফর্ম পুলিশের মর্যাদা বৃদ্ধি করবে এবং তাদের কাজের প্রতি আরো বেশি আগ্রহী করবে।

সরকার পুলিশ সংস্কারের জন্য বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করছে। আগামী দিনগুলিতে এই সংস্কারের ফলাফল দেখা যাবে বলে আশা করা হচ্ছে।