“অনেক সিনেমায় গান গেয়েও টাকা পাইনি”-বলিউড জগৎ নিয়ে মুখ খুললেন গায়িকা সুনিধি

বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহানের কণ্ঠে এক অদ্ভুত মায়া রয়েছে। ‘ধুম মাচালে’ থেকে ‘পুষ্পা দ্য রাইজ’-এর ‘সামি সামি’-র মতো একাধিক হিট গানের সম্ভার রয়েছে তাঁর ঝুলিতে। বলিউডের রক মিউজিক বা অ্যালবামের জন্য তিনি একজন বিশেষ পছন্দের শিল্পী। তবে, সর্বাধিক পারিশ্রমিক পাওয়া এই গায়িকাকেও অর্থের বিনিময়ে সংগ্রাম করতে হয়েছে।
সম্প্রতি রাজ শামির পডকাস্টে সুনিধি চৌহান এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তিনি একাধিকবার গান রেকর্ডিং করার পরও পারিশ্রমিক থেকে বঞ্চিত হয়েছেন। বলিউডে এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে, একটি গানের জন্য একাধিক কণ্ঠশিল্পীকে রেকর্ডিং করানো হয় এবং শেষ পর্যন্ত যে কণ্ঠটি ব্যবহৃত হয়, শুধু তাকেই পারিশ্রমিক দেওয়া হয়। সুনিধি চৌহান নিজেও এই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন।
একজন সফল এবং জনপ্রিয় গায়িকা হওয়া সত্ত্বেও সুনিধির এই অভিজ্ঞতা শোবিজের অন্তর্নিহিত সমস্যাগুলোকে উন্মুক্ত করেছে। এটি স্পষ্ট করে যে, শোবিজের চকচকে দুনিয়ার পিছনে কতটা সংগ্রাম লুকিয়ে থাকতে পারে।
সুনিধির বক্তব্য, ‘আমি নিজেই তো এনেত সিনেমায় গান গাওয়ার পরও পারিশ্রমিক পাইনি। এমনকী আজও তাঁরা আমাকে সেই প্রাপ্য টাকা দেননি। আপনি যখন একটি উচ্চতায় পৌঁছে যাবেন, জনপ্রিয়তা অর্জন করবেন তখন তাঁরা আপনাকে টাকা দিতে বাধ্য। কারণ তখন তো আপনি বলতে পারবেন, পারিশ্রমিক আগে দিন, তারপর গান গাইব’।
সুনিধির কথায়, ‘যদি কেউ নিজে থেকে গান গাইতে চায়, পারিশ্রমিক নিয়ে খুব একটা চিন্তিত নয় তখন বেতন না পাওয়ার জন্য দোষ দিতে পারবেন না। বহু ছবিতে গান গাওয়ার পর অনেকদিন কেটে গিয়েছে। কিন্তু, সেই টাকা আজও আমি পাইনি। তাঁরা আমাকে জিজ্ঞাসা করলে আমি নিজেই সেই টাকা নিতে চাইনি। কারণ আমার মনে হয়েছে ওই গানটার জন্য এই পরিমান পারিশ্রমিক নেওয়া ঠিক হবে না।’