SPORTS: ‘মেসেজে কথা হয়’, বিরাটের সঙ্গে কেমন সম্পর্ক? জানালেন গৌতম গম্ভীর নিজেই

ভারতীয় ক্রিকেটে সম্পর্ক নিয়ে যদি সবচেয়ে বেশি আলোচনা হয়, তা হল বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের। আইপিএল চলাকালীন অনেকবার একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন এই দুই তারকা। দুই দিল্লির মধ্যে এই লড়াই সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচিত বিষয় ছিল। এখন গৌতম গম্ভীর জাতীয় দলের কোচ হওয়ার পর দুই তারকার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক।
জাতীয় দলের ক্যাম্পে দুই তারকার সম্পর্ক কি দলের পারফরম্যান্সে কোনো সমস্যা তৈরি করবে? এই প্রশ্ন নিয়ে মুখ খুললেন গৌতম গম্ভীর এবং অজিত আগরকর সোমবার, 22 জুলাই মুম্বাইয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে গৌতম গম্ভীরকে বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। গম্ভীর নিজের স্টাইলে উত্তর দেন। তিনি স্পষ্ট করেছেন যে বিরাটের সাথে তার কোন সমস্যা নেই, যিনি একসময় তার সতীর্থ ছিলেন এবং এখন তার অধীনে খেলবেন।
গৌতম গম্ভীর বলেন, ‘আমাদের সম্পর্কটা টিআরপির জন্য ভালো। আমার সঙ্গে বিরাটের আসল সম্পর্ক জনগনের সামনে নেই। আমরা দু’জনেই দেশের জন্য করতে চাই। কে কোন দলের হয়ে খেলেছে সেটা আলাদা। যখন আমরা দেশের জন্য খেলি তখন আমাদের লক্ষ্য একটাই থাকে। ১৪০ কোটি মানুষের প্রতিনিধিত্ব করা, দলকে জেতানো। বিরাটের সঙ্গে আমার অনেক কথা হয়। আমাদের মাঠের বাইরে খুব ভালো সম্পর্ক। আমি কোচ হওয়ার আগে বা পরে বিরাটের সঙ্গে মেসেজে কথা হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।’
সাংবাদিকদের কিছুটা হলেও খোঁচা দিয়ে বলেন, ‘আমি বিভিন্ন মিডিয়া রিপোর্ট পড়ে হাসি। কিছু সময় হেডলাইনের জন্য আমাদের নিয়ে যেটা লেখা হয়, সেটা সঠিক নয়। ও বিশ্বমানের প্লেয়ার, ওর প্রতি সম্মান আছে। আমরা একসঙ্গে ভালো কাজ করব বলে আশাবাদী।’