চীনে চরম আবহাওয়া: কোথাও বন্যা, কোথাও খরা, উদ্বিগ্ন মানুষ

চরম আবহাওয়ার প্রভাব সামলাতে হিমশিম খাচ্ছে চীন। দেশটির দক্ষিণাঞ্চলে দেখা দিয়েছে মারাত্মক বন্যা। আবার উত্তরের দিকে তীব্র তাপমাত্রায় খরা দেখা দিয়েছে। ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিকাজ।
চীনজুড়ে একাধিক অঞ্চলে উচ্চ তাপমাত্রার কারণে জাতীয় আবহাওয়া কেন্দ্র সতর্কতা জারি করেছে।
রোববার শিনজিয়াং, ইনার মঙ্গোলিয়া ও হেনান প্রদেশের কিছু এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭-৩৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কেন্দ্র।
হেনান প্রদেশে এপ্রিল থেকে বৃষ্টিপাত কম হওয়ায় এবং উচ্চ তাপমাত্রা থাকায় জলের সংকট দেখা দিয়েছে এবং কৃষিকাজ ব্যাহত হচ্ছে।হেনানের অন্তত ১৪ টি নগরীতে ফসল রক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।
চীনের রাজধানী বেইজিংয়ে তাপমাত্রার দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সোম ও মঙ্গলবার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ।
তাছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশেও কিছু এলাকায় তাপমাত্রা আগামী দুইদিনে ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি।
অন্যদিকে, দক্ষিণাঞ্চলীয় অনেক প্রদেশে ভারিবৃষ্টিপাতের কারণে বন্যার সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে সাত দিন ধরে ভারি বৃষ্টিপাত চলছে এবং তা চলবে বলে আশঙ্কা করা হচ্ছে। কিছু নদীর জলের স্তর সতর্কতার মাত্রা ছাড়িয়ে গেছে।
সিসিটিভি জানিয়েছে, কর্তৃপক্ষ বেশ কয়েকটি জলাধার থেকে জল ছেড়ে দিয়েছে। গুয়াংসি অঞ্চলের কর্তৃপক্ষ বলেছে, স্থানীয় কয়েকটি নদীর জল সতর্কতার মাত্রা ছাড়িয়ে গেছে।
দক্ষিণাঞ্চলীয় শহর গুইলিনে বন্যায় ১ শিক্ষার্থী নিহতও হয়েছে বলে খবর জানিয়েছে সিসিটিভি।