সিকিমে প্রবল বৃষ্টিতে ভয়ানক দুর্যোগ! ১০ নম্বর জাতীয় সড়কে ধস, বন্ধ সিকিমগামী রাস্তা

সোমবার রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে সিকিমে ব্যাপক দুর্যোগের সৃষ্টি হয়েছে। 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমে সিকিমগামী রাস্তা বন্ধ হয়ে পড়েছে। বৃষ্টি ও ধসের কারণে বহু পর্যটক বিপাকে পড়েছেন।

সিংটামের কাছে 10 নম্বর জাতীয় সড়কে প্রবল বৃষ্টিতে ধস নেমে সিকিম যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে।ধসের কারণে সিংটাম, গ্যাংটকগামী আরও বেশ কয়েক জায়গায় রাস্তায় ধস নেমে যান চলাচল ব্যাহত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সিকিম প্রশাসন ধস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

একটানা বৃষ্টি ও ধস চিন্তায় ফেলেছে সিকিম প্রশাসনকে।সিংটাম, গ্যাংটক ছাড়াও ইয়াঙ্গন, রানিখোলা সহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইয়াঙ্গনের মাজুয়া গ্রামে বন্যার কবলে পড়ে 3 জন নিহত হয়েছেন।

উদ্ধারকাজ শুরু করা হয়েছে। ইয়াঙ্গনের হেলিপ্যাডকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হচ্ছে।সিংটাম থেকে 32 নম্বর জাতীয়সড়ক এবং ইয়াঙ্গনের রাস্তা জলে ভেসে গিয়ে বন্ধ রয়েছে। এখনও এলাকার একাধিক বাসিন্দা নিখোঁজ।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন ধরে সিকিমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।সতর্কতা জারি করা হয়েছে।