“ঈশ্বর পাঠিয়েছেন শুধু আদানিকে হেল্প করতে”-মোদীকে খোঁচা দিলেন রাহুল গান্ধী

ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে বর্তমানে তাপপ্রবাহ চলছে। কিছু কিছু রাজ্যে এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড করা হয়েছে। এমন পরিস্থিতিতে লোকসভার নির্বাচনী প্রচার পুরোদমে চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। প্রতিনিয়ত জনসভা, মিটিং-মিছিলও চলছে। এক রাজ্য থেকে আরেক রাজ্যে ছুটে চলেছেন নেতারা।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তাপপ্রবাহ নিয়ে জনসাধারণকে সাবধান করতে দেখা গেছে।
গরমের মতো রাজনৈতিক উত্তাপও চরমে পৌঁছেছে। দেওরিয়ার সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন, বাকি সবাই বায়োলজিক্যাল। কিন্তু নরেন্দ্র মোদি জৈবিক নন। ঈশ্বর তাকে পাঠিয়েছেন আম্বানি ও আদানিকে সাহায্য করার জন্য। কিন্তু ঈশ্বর তাকে কৃষক ও শ্রমিকদের সাহায্য করার জন্য পাঠাননি।
কংগ্রেসের এই নেতা বলেন, ‘‘ঈশ্বর যদি তাকে সেভাবে পাঠাতেন, তাহলে তিনি গরিব ও কৃষকদের সাহায্য করতেন। রাহুল গান্ধী বলেন, ঈশ্বর যদি তাকে পাঠাতেন, তাহলে বলতেন, ভারতের সবচেয়ে দুর্বল মানুষদের সাহায্য করতে, কৃষকদের সাহায্য করতে। কিন্তু মোদির ঈশ্বর বলেছেন, আম্বানিকে সাহায্য করুন, আদানিকে সাহায্য করুন। আদানির ১৬ লাখ কোটি টাকা, তারাই মোদির ভগবান।’’