“মোদী এলে পেট্রল এবং ডিজেল চলে আসবে GST-র আওতায়”-জানালেন প্রশান্ত কিশোর

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এবার ফের মোদী সরকার ক্ষমতায় এলে দেশজুড়ে কি কি পরিবর্তন বা নতুন নিয়ম ও আইন কানুন শুরু হতে পারে তার একটি আগাম আভাস দিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।
রাজনৈতিক বিশ্লেষক পিকের দাবি, প্রতিটি রাজ্যের অর্থনৈতিক স্বাধীনতায় প্রতিবন্ধকতা আনতে পারে মোদী ৩.০ সরকার। শুধু তাই নয়, NDA ফের একবার ক্ষমতায় এলে পেট্রল এবং ডিজেল চলে আসবে GST-র আওতায়। পরিকাঠামোগত এবং প্রশাসনিক নানা পরিবর্তনও হতে পারে বলে অনুমান প্রশান্ত কিশোরের।
ভোটকুশলীর কথায়, ‘মোদী ফের একবার প্রধানমন্ত্রী পদে বসলে ক্ষমতা এবং সম্পদ আরও বেশি কেন্দ্রের অধীনস্থ থাকবে। পাশাপাশি তাৎপর্যপূর্ণভাবে রাজ্যগুলির অর্থনৈতিক স্বাধীনতায় প্রতিবন্ধকতা আনা হতে পারে।’
তাঁর বক্তব্য, ‘বর্তমানে দেশের প্রতিটি রাজ্যের হাতে তিনভাবে আয়ের রাস্তা রয়েছে। পেট্রলিয়াম, আবগারি এবং জমি। আমি অবাক হব না যদি তৃতীয়বার ক্ষমতায় এসে মোদী সরকার পেট্রলিয়ামকেও GST-র আওতায় নিয়ে আসে।’
তিনি বলেন, ‘২০১৯ সালে BJP ৩০৩টি আসনে জয়ী হয়েছিল। এবারও তাদের আসন সংখ্যা তার আশপাশেই থাকবে। ৪ জুন কী ফলাফল বেরোবে তা ভবিষ্যৎ বলবে। আমার মত যদি জিজ্ঞাসা করেন, তবে বলব, ধারাবাহিকতা বড্ড একঘেঁয়ে। গত প্রায় পাঁচ মাস ধরে মোদী নেতৃত্বাধীন BJP ক্ষমতায় ফিরবে, এ কথাই বলেছি। ২০১৯ সালে তারা যে আসন পেয়েছিল, তার ধারেপাশেই থাকবে সংখ্যা।’