তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ, ভোটের দিনে ‘আক্রান্ত’ বিজেপি

সকাল থেকেই পঞ্চম দফার ভোটকে ঘিরে অশান্তির খবর আসছে বিভিন্ন এলাকা থেকে। উঠে এসেছে মারধরের অভিযোগ। কিছু কিছু এলাকায় কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে নিষ্ক্রিয়তার অভিযোগও ছড়িয়ে পড়েছে।এসবের মাঝেও তৃণমূল প্রার্থীকে বুথে প্রবেশ করতে না দেওয়ায় অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

এই ঘটনাটি ঘটেছে বনগাঁ লোকসভা কেন্দ্রের নিটক গিরিবালা বালিকা বিদ্যালয়ের ১১৪ নম্বর বুথে। ঘটনাস্থলে থেকেই মোবাইলে জেলা নির্বাচনী আধিকারিককে অভিযোগ করেছেন বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস।

বিশ্বজিৎ বলেন, “প্রার্থী হিসেবে নিজের লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে ঢোকার অধিকার রয়েছে। সঙ্গে প্রমাণপত্র থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী ১১৪ নম্বর বুথে ঢুকতে দেয়নি। আসলে বিজেপি নেতাদের কথা মতো কেন্দ্রীয় বাহিনী কাজ করছে. সেটা স্পষ্ট। কমিশনকে জানিয়েছি।”

তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ অবশ্য কর্মীদের সতর্ক করে বলেন, ‘প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই।’

অন্যদিকে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের অভিযোগ, “রাজ্য পুলিশকে দিয়ে বাহিনীকে ভুল পথে পরিচালিত করে ভোট লুঠের চেষ্টা করছে তৃণমূল। নজর ঘোরাতেই তৃণমূল প্রার্থী এই সব মিথ্যে অভিযোগ আনছেন।”

বিজেপি কর্মীদের দেখতে কল্যাণী এআইএমএস হাসপাতালে যান বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তাঁর দাবি, ভোট শান্তিপূর্ণ ভাবে পরিচালনার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু প্রশাসন ‘সম্পূর্ণ ব্যর্থ’।