বিশেষ: সায়েন্সে পড়া হয়নি অর্থের অভাবে, H.S-এ দুর্দান্ত ফলাফল লটারি বিক্রেতার ছেলের

বড়জোড়ার ছাত্র নয়ন মণ্ডল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৭৮ নম্বর পেয়ে সকলকে চমকে দিয়েছেন। ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখলেও, আর্থিক অনটনের কারণে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারেননি।

কিন্তু হতাশ হননি নয়ন। কলা বিভাগে ভর্তি হয়েও নিজের মনোযোগ এবং শিক্ষকদের অনুপ্রেরণায় তিনি অসাধারণ সাফল্য অর্জন করেন। প্রতিটি বিষয়েই ৯০% এর বেশি নম্বর পেয়ে তিনি বড়জোড়া উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠ ছাত্র হিসেবে আত্মপ্রকাশ করেন।

নয়নের এই সাফল্যে তার পরিবার ও প্রতিবেশীরা অত্যন্ত গর্বিত। তারা সকলেই মনে করেন, নয়ন অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।

তবে নয়নের লড়াই এখানেই শেষ নয়। উচ্চশিক্ষা অর্জন করে নিজের পায়ে দাঁড়াতে চান তিনি। কিন্তু আর্থিক অনটন তার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়ে।

নয়নের মা কাকলি মণ্ডল বলেন, “ছেলের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আমাদের অনেক কষ্ট করতে হচ্ছে। সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা কোনো সহৃদয় ব্যক্তির সাহায্য পেলেই আমরা ছেলেকে আরও ভালোভাবে পড়াতে পারবো।”

নয়ন নিজেও সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। তিনি বলেন, ” ‘বাবার লটারির টিকিট বিক্রির টাকায় আমাদের সংসার চলে। আর্থিক সমস্যার কারণে সায়েন্স নিয়ে পড়তে পারিনি। এবার নার্সিং নিয়ে পড়ার ইচ্ছে থাকলেও সেখানেও বাধা হয়ে দাঁড়াচ্ছে টাকা। যদি কোনও সাহায্য পাই সেক্ষেত্রে এই স্বপ্ন পূরণ করব।”

নয়নের মতো প্রতিভাবান ছাত্রদের সাহায্য করা আমাদের সকলের কর্তব্য। আসুন আমরা সকলেই নয়নের পাশে দাঁড়িয়ে তাকে তার স্বপ্ন পূরণে সাহায্য করি।