বিজেপি ৪০০ পার! কত আসন পাবে কংগ্রেস? ৪ দফা ভোট হতেই ভবিষ্যদ্বাণী করলেন মোদী

কনৌজ থেকে রোববার কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী দাবি তুলেছেন, আর প্রধানমন্ত্রী হতে পারবেন না নরেন্দ্র মোদি। বিজেপি আটকে যাবে দু’শো আসনের নিচে। রাহুলের সেই খোঁচার পর প্রধানমন্ত্রী মোদি সোমবার ফের তার ‘চারশো পারের’ স্লোগানকে ফিরিয়ে আনলেন ওড়িশার জনসভায়। সেইসঙ্গে তার পাল্টা ভবিষ্যদ্বাণী, কংগ্রেসের আসন নেমে যাবে পঞ্চাশেরও নিচে। প্রধান বিরোধী দল হওয়ার যোগ্যতা হারাবে তারা।

আজকে ফের মনোয়ন জমা দেয়ার দিন মোদী ফের কংগ্রেসের আসন পাওয়া নিয়ে কটাক্ষ করলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আমরা ৪০০ আসন জয়ের লক্ষ্যে এগোচ্ছি। কংগ্রেস এই নির্বাচনে কোনও ছাপ ফেলতে পারবে না। ৪০ আসনও পাবে না তারা।’

রাহুল গান্ধীকে নিশানা করে মোদী বলেন, ‘ওয়েনাড় থেকে পালিয়েছেন। এরপর রায়বরেলি থেকে লড়াইয়ের সিদ্ধান্ত নিলেন। আর তারপরই কেরালার মানুষ ভোটে তাঁকে উচিত শিক্ষা দিল। এবার উত্তর প্রদেশের মানুষও তাঁকে ওয়েনাড় ছেড়ে পালিয়ে আসার কারণ নিয়ে প্রশ্ন করছেন। এমনকী নিজের প্রাক্তন কেন্দ্র অমেঠিতেও কখনও যান না তিনি।’

তিনি বলেন, ‘উত্তর প্রদেশের মানুষ পরিবারতন্ত্র পছন্দ করেন না। তাঁরা একটা বিকল্প বেছে নিয়েছেন। তাঁদের জীবন এতে বদলে গিয়েছে। যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তর প্রদেশের পরিবর্তন সকলের নজরে পড়েছে।’