SPORTS: “জবাব দিচ্ছ কেন?”-কোহলিকে নিয়ে ফের সমালোচনায় মাতলেন গাভাস্কার

এবারের আইপিএলে ব্যাট হাতে রান পাচ্ছেন বিরাট কোহলি। তবে ওপেনার হিসেবে যে স্ট্রাইক রেটে ব্যাটিং করা দরকার। সেভাবে তিনি রান তুলতে পারছেন না বলে তার ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলছেন ধারাভাষ্যকাররা। তাদের মধ্যে অন্যতম ভারতীয় কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার।
গত ২৮ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের পর স্ট্রাইকরেট নিয়ে সমালোচনাকারীদের একহাত নেন কোহলি। তাতেই যেন রীতিমতো চটেছেন কিংবদন্তি গাভাস্কার। তার মতে, সমালোচনাকে পাত্তা না দিলে জবাব দিতে হবে কেন।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪৩ বলে ১১৮ স্ট্রাইক রেটে ৫১ রান করেন কোহলি। শুরু থেকে ১৫ ওভার পর্যন্ত খেলে একজন ওপেনারের এমন স্ট্রাইকরেটে ব্যাট করা মানতে পারেননি গাভাস্কার।
তিনি বলেন, ‘ধারাভাষ্যকাররা তখনই প্রশ্ন তুলেছে, যখন তার স্ট্রাইকরেট ১১৮ ছিল। আমি ঠিক নিশ্চিত নই। আমি খুব বেশি খেলা দেখি না, তাই জানি না বাকি ধারাভাষ্যকাররা কী বলেছেন। কিন্তু আপনি যদি ওপেন করেন, এরপর ১৪–১৫তম ওভারে আউটের পর আপনার স্ট্রাইক রেট ১১৮ থাকে…এরপরও যদি কেউ প্রশংসা করে তাহলে সেটা ভিন্ন বিষয়।’
গাভাস্কার আরো বলেন, ‘এসব ছেলেরা বলে, আমরা মাঠের বাইরের আলোচনাকে পাত্তা দিই না। আচ্ছা, তাহলে মাঠের বাইরের আলোচনা বা যেটাই হোক, জবাব দিচ্ছ কেন।’
কোহলির সেই ভিডিও ক্লিপ বারবার দেখানোয় আইপিএলের ব্রডকাস্টার স্টার স্পোর্টসের প্রতি হতাশ গাভাস্কার। তিনি বলেন, ‘সমালোচকদের প্রশ্নবিদ্ধ করার যে ক্লিপ দেখানো হচ্ছে, সেই সমালোচকরা আপনার নিজস্ব ধারাভাষ্যকার। আশা করি স্টার স্পোর্টস এটা বুঝতে পারবে। ধারাভাষ্যকারদের হেয় করার বিষয়টি বারবার দেখানো ভালো দিক কি না বলতে পারব না। এটা যদি আরেকবার দেখানো হয় তাহলে আমি খুবই হতাশ হব।’