“গরুপাচার থেকে বেআইনি মাদকপাচার”-যার বিরুদ্ধে এত মামলা, তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে?

আগামী ১৯ এপ্রিল ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট। তার আগে শুক্রবার (১২ এপ্রিল) কোচবিহারে জনসভা করেন মুখ্যমন্ত্রী। সেখানে লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়া সমর্থনে প্রচারণায় অংশ নেন তিনি।

এদিনের জনসভায় বক্তব্যের শুরু থেকেই ভারতীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা। তিনি বলেন, নির্বাচন শুরু হলেই অনেকে দিল্লি থেকে পশ্চিমবঙ্গে ভোট চাইতে আসেন। এবার তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছে, তিনি একজন ভদ্রলোক। আর বিজেপি যাকে প্রার্থী করেছে, তিনি একজন মানবদস্যু। কত মামলা রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় পুলিশের একাংশ এবং বিএসএফ আর চোরাকারবারিদের সঙ্গে সম্পর্ক রেখে, বোমাবাজি করে, শীতলকুচিতে পুলিশকে দিয়ে গুলি চালিয়ে, বিএসএফ’কে দিয়ে গুলি চালিয়ে ভোটের লাইনে পাঁচজনকে হত্যা করেছিলেন। গরুপাচার, বেআইনি মাদকপাচার, অর্থপাচার- তার বিরুদ্ধে কীসের মামলা নেই।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ভারতবর্ষে এমন কিছু আগে দেখেছেন, যার বিরুদ্ধে এত মামলা, তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। আর তৃণমূলকে বলছে চোর। তোমরা হচ্ছো মাফিয়াদের সরদার।