Weather: এগিয়ে আসছে বর্ষা, দীর্ঘস্থায়ী হবে গরমও! লা নিনার প্রভাবে খামখেয়ালি পূর্ন আবহাওয়ার পূর্বাভাস

২০২৪ সালের শুরু থেকেই তীব্র গরমে মানুষ হিমসিম খাচ্ছে। শুধু পশ্চিমবঙ্গই নয়, গোটা ভারতেই একই অবস্থা। আবহাওয়াবিদরা বলছেন, মে মাসেও গরমের তীব্রতা কম হবে না। এবার প্রবল গরমের সাথে তাপপ্রবাহেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। মাঝে মাঝে বৃষ্টি হলেও তা স্থায়ী সমাধান দিচ্ছে না।

সাধারণত জুন মাস মানেই বর্ষার সময়। কিন্তু এবার গ্রীষ্ম ও বর্ষার সমীকরণ বদলে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আবহাওয়াবিদরা বলছেন, এবার লা নিনা আসছে। এর প্রভাবে ভারতের মরশুমে ওলটপালট হতে পারে।

লা নিনা কি?

লা নিনা একটি স্প্যানিশ শব্দ, যার অর্থ “little girl”। এল নিনোর বিপরীত হচ্ছে লা নিনা। এই সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পূর্ব থেকে পশ্চিমে বয়ে চলা বাযুর পরিবর্তন ঘটে। তখন উষ্ণ জলস্রোত পশ্চিমের দিকে প্রবাহিত হতে থাকে। লা নিনা চলাকালীন সমুদ্রের গভীর থেকে ঠান্ডা জল সমুদ্রের উপরিভাগে উঠে যায়। যার ফলে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ঠান্ডা হয়ে যায়। এল নিনো যেমন তীব্র তাপপ্রবাহের কারণ, তেমনি লা নিনা ঠিক এর উল্টোটা। লা নিনা বর্ষার উপর প্রভাব ফেলতে পারে। এর ফলে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণে তারতম্য ঘটে। শুরু হয় প্রবল বর্ষণ। স্বাভাবিক আবহাওয়ার পরিস্থিতি বদলে যেতে পারে। সেরকমই কিছু ঘটতে চলেছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

লা নিনার প্রভাব পড়বে কোথায় কোথায়?

লা নিনার প্রভাবে অতিরিক্ত বৃষ্টি হতে পারে পূর্ব আফ্রিকা, ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। পূর্ব এশিয়া ও উত্তর অস্ট্রেলিয়াতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

এবারের বর্ষা

এবারের বর্ষাকে দুভাগে ভাগ করা হয়েছে। এপ্রিল থেকে জুলাই এবং জুলাই থেকে সেপ্টেম্বর। লা নিনোর প্রভাবে প্রথম অর্ধে তাপমাত্রা বাড়বে। তবে দ্বিতীয় অর্ধে তৈরি হবে ঘোরতর দুর্যোগ।

Editor001
  • Editor001